ছবিঃ ফাইল ছবি।

নোয়াখালী সদর উপজেলায় একটি ইউনিয়নে ছাত্রদলের কমিটি নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

 


শনিবার (২৯ আগস্ট) বিকেল ৫টার দিকে নোয়াখালী সদরের আশ্বদিয়া ইউনিয়ন পরিষদ এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সুধারাম থানার ওসি নজরুল ইসলাম।

 

আহতদের মধ্যে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম উজ্জ্বল, ইউনিয়ন ছাত্রদলের নতুন কমিটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মাসুমুর রহমান শাকিল, মো. রাব্বি ও ২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মো. রতন রয়েছেন।

 

ঘটনার সূত্রপাত মঙ্গলবার (২৫ আগস্ট)। ওইদিন নোয়াখালী সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়ন ছাত্রদলের একটি নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে ইয়াছিন আলমকে আহ্বায়ক ও আব্দুল্লাহ আল বিন মাহিদকে সদস্যসচিব করা হয়। এ ঘটনায় ক্ষুব্ধ হন ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোশারফ হোসেন। শুরু হয় নতুন কমিটির নেতাকর্মী ও পদবঞ্চিতদের মধ্যে উত্তেজনা।

 

শনিবার (২৯ আগস্ট) আশ্বদিয়া ইউনিয়ন কার্যালয় এলাকায় একটি আনন্দ মিছিলের আয়োজন করা হয়। বিকেল সাড়ে চারটার দিকে মিছিলটি শুরু হলে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এরপর দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়।

 

সুধারাম থানার ওসি নজরুল ইসলাম জানান, খবর পাওয়ার পর থেকেই ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

 

 

 

 

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক/০৩