ছবি: সংগৃহিত
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা নুরুল ইসলামের (৫৫) মৃত্যু হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিলে বিকেল ৩টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নুরুল ইসলাম মিরসরাই পৌরসভার ৭নং ওয়ার্ডের তারাকাটিয়া এলাকার সুলতান মিস্ত্রি বাড়ির মৃত সুলতান আহমদের ছেলে। তিনি ওই ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
মিরসরাই উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফুল ইসলাম বলেন, ‘নুরুল ইসলাম মিরসরাই পৌরসভার ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। বুধবার দুপুরে কারাগারে অসুস্থবোধ করলে তাকে কারা কর্তৃপক্ষ হাসপাতালে নিয়ে গিলে বিকেল ৩টার দিকে তার মৃত্যু হয়। নুরুল ইসলাম খুব ভালো লোক ছিলেন। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। অল্প বয়সে তারা এতিম হয়ে গেল।’
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেলা সুপার মো. ইকবাল হোসেন বলেন, ‘দুপুর আড়াইটার দিকে নুরুল ইসলাম কারাগারে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে কারাগারের হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে বিকেল ৩টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ চমেক হাসপাতালের মর্গে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নুরুল ইসলামের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
তিনি আরও বলেন, ‘সন্ত্রাসবিরোধী আইনের এক মামলায় গ্রেপ্তার হওয়া নুরুল ইসলামকে গত ৩১ জুলাই কারাগারে আনা হয়েছিল।’
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/ইকে-০৬




