ছবি: সিলেট ভিউ।

হবিগঞ্জের চুনারুঘাটে এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

 


গ্রেফতারকৃত ব্যক্তি মো. কাউসার ভূইয়া (৪৫)। তিনি হবিগঞ্জের মাধবপুর থানাধীন আলীরাজাপুর এলাকার বিল্লাল হোসেন ভূইয়ার ছেলে।

 

ঘটনার বিবরণ উল্লেখ্য করে র‌্যাব জানায়, ভুক্তভোগী নারী হবিগঞ্জের মাধবপুর থানাধীন আলীরাজাপুর এলাকার বাসিন্দা। তিনি প্রতিবন্ধী একজন নারী। একই এলাকার বাসিন্দা কাউসার ভূইয়া বিভিন্ন সময় তাকে অশ্লীল কথাবার্তা বলাসহ নানাভাবে উত্ত্যক্ত করতেন। গত ২১ মে রাত আনুমানিক আড়াইটার দিকে ওই নারী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হয়ে বাড়ির উঠানে যান। এ সময় আগে থেকে ওৎ পেতে থাকা কাউসার পিছন দিক থেকে এসে তার মুখ চেপে ধরে।

 

পরে পাশ্ববর্তী আমগাছের নিচে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করে। এ সময় ভুক্তভোগীর চিৎকার শুনে আশপাশের লোকজন ও পরিবারের সদস্যরা ঘটনাস্থলের দিকে এগিয়ে গেলে তাদের উপস্থিতি টের পেয়ে কাউসার সেখান থেকে পালিয়ে যায়। পরে ভুক্তভোগীর বোন বাদী হয়ে গত ৪ জুলাই চুনারুঘাট থানায় মামলা দায়ের করা হয়, মামলা নম্বর ১১। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৯ শায়েস্তাগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। 

 

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, ‘পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।’

 

 


সিলেটভিউ২৪ ডটকম/ মআস ০৫/ এহিয়া-০৯