ছবি: সিলেট ভিউ।

সিলেট মহানগরীর বিভিন্ন এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই নেতাকর্মীকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ও শনিবার (৫ সেপ্টেম্বর) পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

 


গ্রেফতারকৃতরা হলেন- মো. সোহেল আহমদ (২০)। সে ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানার কামালপুর এলাকার মো. আবু বক্কর সিদ্দিকের ছেলে। বর্তমানে সে মহানগরীর কোতোয়ালী থানাধীন জল্লারপাড় এলাকার ৬৯ নম্বর বাসার ভাড়াটিয়া। অপরযুবক রবিউল ইসলাম হৃদয় (২৬)। সে সুনামগঞ্জ জেলার ছাতক থানার দিঘলী রামপুর এলাকার আব্দুস শহীদের ছেলে। বর্তমানে সিলেট মহানগরীর আখালিয়া নেহারীপাড়া এলাকার ৬৩/১, ব্লক-সি, কয়েছ মিয়ার বাসার ভাড়াটিয়া।

 

পুলিশ জানায়, গত ২৮ আগস্ট সিলেট মহানগরীর কোতোয়ালী থানাধীন পূর্ব জিন্দাবাজার এলাকার বারুতখানা পয়েন্ট থেকে জেল রোড পর্যন্ত নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা রাষ্ট্রবিরোধী স্লোগান দিয়ে ঝটিকা মিছিলের চেষ্টা করেন। এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মামলা নং-৫৩, তারিখ ৩০ আগস্ট ২০২৬, সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯-এর ৯(৩)/১০/১১/১২/১৩ ধারায় মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পর মহানগরীর শুক্রবার (৪ সেপ্টেম্বর) ও শনিবার (৫ সেপ্টেম্বর) পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

 

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন, ‘মামলার তদন্তে সিসিটিভি ও ভিডিও ফুটেজসহ বিভিন্ন তথ্য যাচাই করে তাদের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। সোহেল আহমদকে ৪ সেপ্টেম্বর  জল্লারপাড় এলাকা থেকে এবং রবিউল ইসলাম হৃদয়কে ৬ সেপ্টেম্বর নেহারীপাড়া এলাকা থেকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।’

 


সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-০৬