ছবি: এআই।
বন্যা, জলাবদ্ধতা ও নদীভাঙনের দীর্ঘস্থায়ী সংকট থেকে সিলেট মহানগরীর মানুষকে স্বস্তি দিতে ৪ হাজার ৬৩৫ কোটি টাকা ব্যয়ে একটি বড় প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্পের আওতায় শহররক্ষা বাঁধ নির্মাণের পাশাপাশি নদীভাঙন ও জলাবদ্ধতা নিরসনে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে। সমন্বিত এ উদ্যোগের মাধ্যমে মহানগরীর দীর্ঘদিনের এসব সমস্যা স্থায়ীভাবে সমাধান হবে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে সিলেট নগরীর ৩১ নম্বর ওয়ার্ডের মীরেরচকে নদীভাঙনকবলিত এলাকা পরিদর্শনকালে এসব তথ্য জানান সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
সিসিক প্রশাসক বলেন, ‘সিলেটের মানুষের দীর্ঘদিনের বন্যা, জলাবদ্ধতা ও নদীভাঙনের সমস্যা স্থায়ীভাবে সমাধানে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। শুধু তাৎক্ষণিকভাবে নদীভাঙন ঠেকালেই হবে না, ভবিষ্যতে এসব দুর্যোগ যাতে মানুষের জীবন ও সম্পদের ওপর বড় ধরনের প্রভাব ফেলতে না পারে, সে বিষয়টিও বিবেচনায় নিতে হবে। এ বিষয়টি মাথায় রেখেই ৪ হাজার ৬৩৫ কোটি টাকার প্রকল্পটি গ্রহণ করা হয়েছে।’
তিনি বলেন, ‘মহানগরীর ৩১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন সড়ক, ড্রেনসহ অবকাঠামো উন্নয়নে প্রায় ১৫ কোটি টাকার কাজ বর্তমানে চলমান রয়েছে। নগরীর অন্যান্য এলাকার মতো মীরেরচকসহ অনুন্নত এলাকাগুলোকেও পর্যায়ক্রমে উন্নয়নের আওতায় আনা হবে।’
পরিদর্শনকালে মীরেরচক এলাকাবাসী নদীভাঙনকবলিত স্থানগুলো সিসিক প্রশাসককে ঘুরিয়ে দেখান। এসময় এলাকাবাসী জানান, দ্রুত ভাঙনরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে এলাকার অনেক পরিবার সর্বস্বান্ত হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য তারা সিসিক প্রশাসকের কাছে অনুরোধ জানান।
এ সময় মীরেরচকে সড়ক নির্মাণের আশ্বাস দেন সিসিক প্রশাসক। তিনি বলেন, ‘মহানগরীর মানসম্মত সড়কব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে এখানে সড়ক নির্মাণ করতে হলে সড়কের উভয় পাশে বসবাসকারী ও ভূমির মালিকদের জনস্বার্থে কিছু জায়গা ছেড়ে দিতে হবে। সম্মিলিত সহযোগিতা ছাড়া একটি পরিকল্পিত ও প্রশস্ত সড়ক নির্মাণ করা সম্ভব নয়।’
তিনি আরও বলেন, ‘সড়ক নির্মাণ ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন হলে মীরেরচকের সার্বিক চিত্র বদলে যাবে। এলাকার উন্নয়ন হলে জমির মূল্যও বাড়বে। তাই বৃহত্তর জনস্বার্থে কিছু জায়গা ছেড়ে দিলেও তা শেষ পর্যন্ত এলাকাবাসীর জন্যই সুফল বয়ে আনবে।’
পরে সিসিক প্রশাসক ৩১ নম্বর ওয়ার্ডের বৃহত্তর মীরেরচক এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। এর আগে তিনি জামেয়া আলীমুস সুন্নাহ মাদ্রাসা ও মুরাদপুর এলাকায় সড়ক উন্নয়নকাজ পরিদর্শন করেন।
সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-১১




