সিলেট বিভাগে হাম পরিস্থিতির তেমন উন্নতি হচ্ছে না। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৮০ জন সন্দেহজনক রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪৯৮ জন। তবে এ সময়ে হাম রোগে নতুন করে কারও মৃত্যু হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের ৯ সেপ্টেম্বরের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত কোনো নিশ্চিত হাম রোগী পাওয়া যায়নি। তবে নতুন করে ১৮০ জন সন্দেহজনক রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বর্তমানে হাসপাতালে ভর্তি ৪৯৮ জন সন্দেহজনক রোগীর মধ্যে সিলেট জেলায় ৩৯৯ জন, সুনামগঞ্জে ৪৭ জন, মৌলভীবাজারে ৩৫ জন এবং হবিগঞ্জে ৭ জন রয়েছেন।
সিলেটের হাসপাতালগুলোর মধ্যে সবচেয়ে বেশি রোগী ভর্তি রয়েছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে বর্তমানে ১৮৮ জন সন্দেহজনক হাম রোগী চিকিৎসাধীন। শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি রয়েছেন ১৬১ জন। এছাড়া পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ২৬ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন, নর্থ ইস্ট হাসপাতালে ৬ জন এবং মাউন্ট এডোরা হাসপাতালে ২ জন ভর্তি রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৫৭ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৬৩ জন এবং পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন সন্দেহজনক রোগী ভর্তি হয়েছেন। এছাড়া রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন এবং বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ১ জানুয়ারি ২০২৬ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১ হাজার ৪৪ জন। এর মধ্যে সিলেটে ৩৭৬ জন, হবিগঞ্জে ১৫৩ জন, মৌলভীবাজারে ১৫৮ জন এবং সুনামগঞ্জে ৩৫৭ জন। নিশ্চিত রোগীদের মধ্যে রুবেলা আক্রান্ত ২ জনও রয়েছেন।
এদিকে হাম নিয়ে মৃত্যুর সংখ্যাও কমছে না। এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগে সিলেট বিভাগে ১৪৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেটে ৬০ জন, হবিগঞ্জে ১৮ জন, মৌলভীবাজারে ১৩ জন এবং সুনামগঞ্জে ৫৮ জন।
অন্যদিকে নিশ্চিত হাম রোগে এ পর্যন্ত মারা গেছেন ১০ জন। সিলেটে ৪ জন, হবিগঞ্জে ৪ জন, মৌলভীবাজারে ১ জন এবং সুনামগঞ্জে ১ জন। সব মিলিয়ে সন্দেহজনক ও নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৫৯ জনে।
তবে গত ২৪ ঘণ্টায় হাম রোগে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। একই সময়ে নতুন করে কোনো নিশ্চিত হাম রোগী শনাক্তও হয়নি। এরপরও প্রায় ৫০০ সন্দেহজনক রোগীর হাসপাতালে ভর্তি থাকা পরিস্থিতির উন্নতি না হওয়ারই ইঙ্গিত দিচ্ছে।
সিলেটভিউ২৪ডটকম/ শাদি-আচৌ




