শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ক্যারিয়ার বিষয়ক সংগঠন সাস্ট ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে স্কুল অব নলেজ ডেভেলপমেন্টের অধীনে ‘রোড টু জার্মানি’ শীর্ষক উচ্চশিক্ষাবিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
 

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ সেমিনারের আয়োজন করা হয়।


সেমিনারে বক্তারা জার্মানিতে উচ্চশিক্ষার সার্বিক সুযোগ-সুবিধা, আবেদন প্রক্রিয়া ও প্রয়োজনীয় প্রস্তুতির নানা দিক তুলে ধরেন।
 

অনুষ্ঠানে ক্লাবের প্রধান উপদেষ্টা, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শাবিপ্রবির ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক এবং অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. মাহবুবুল হাকিম উপস্থিত ছিলেন।
 

বক্তব্যে অধ্যাপক ড. মো. মাহবুবুল হাকিম জার্মানির উচ্চশিক্ষা ব্যবস্থার প্রশংসা করে বলেন, দেশটিতে তুলনামূলক কম খরচে মানসম্মত শিক্ষা গ্রহণের সুযোগ রয়েছে। এছাড়া দেশটির মজবুত অর্থনীতি এবং শাবিপ্রবির পাঠ্যক্রমের সঙ্গে জার্মান শিক্ষা ব্যবস্থার সামঞ্জস্যের বিষয়টি তিনি তুলে ধরেন। অন্যদিকে,অধ্যাপক ড. মোজাম্মেল হক ক্লাবের বিভিন্ন সামাজিক ও ক্যারিয়ারভিত্তিক কার্যক্রমের প্রশংসা করেন এবং জার্মানি থেকে উচ্চশিক্ষা নিয়ে সফল হওয়া শিক্ষার্থীদের দৃষ্টান্ত স্মরণ করেন।

সেমিনারে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএএডি বাংলাদেশের রিজিওনাল অফিসার মো. মাহমুদুল হাসান সুমন এবং পাস প্রজেক্ট কো-অর্ডিনেটর মিস মায়াবী অরণ্যা।
 

প্রধান বক্তা হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন ডিএএডি স্কলারশিপপ্রাপ্ত শাবিপ্রবির বন ও পরিবেশবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আবু সাইদ আরফিন খান।

সেশনে ডিএএডি-এর কর্মকর্তা জার্মানিতে স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রাম, স্কলারশিপ লাভ এবং অর্থায়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। পাস প্রজেক্ট কো-অর্ডিনেটর মায়াবী অরণ্যা উচ্চশিক্ষার ক্ষেত্রে জার্মান ভাষা শেখার গুরুত্ব, গ্যোটে ইনস্টিটিউটের ভূমিকা এবং অনলাইন-অফলাইনে ভাষা শেখার উপায় জানান। পাশাপাশি অধ্যাপক ড. আবু সাইদ আরফিন খান আবেদনের জন্য প্রস্তুতকৃত উদ্দেশ্যের বিবরণী বা এসওপি লেখার সুনির্দিষ্ট পদ্ধতি ও আবেদন প্রক্রিয়ার বিভিন্ন কৌশল সম্পর্কে শিক্ষার্থীদের সুস্পষ্ট দিকনির্দেশনা দেন।
 

অনুষ্ঠানের খোলা প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা জার্মানিতে উচ্চশিক্ষা, স্কলারশিপ ও অর্থায়ন সংক্রান্ত নানা বিষয়ে বিশেষজ্ঞদের কাছ থেকে সরাসরি পরামর্শ লাভ করেন। সেমিনারের সমাপনী পর্যায়ে সাস্ট ক্যারিয়ার ক্লাব আয়োজিত ‘ট্যালেন্ট হান্ট ২০২৬’ প্রতিযোগিতার সেরা ১০ জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন ক্লাবের সভাপতি আবদুল আহাদ এবং সাধারণ সম্পাদক মো. ইউনুস কবির।

 


সিলেটভিউ২৪ডটকম/আতহার/এসডি-০১