ছবি: সিলেট ভিউ।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহারের জন্য রাখা একটি সাদা রঙের পাজেরো জিপ গাড়িও জব্দ করা হয়েছে।

 


বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার ৮ নম্বর কালীঘাট ইউনিয়নের ভুরভুরিয়া চা বাগান সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে শ্রীমঙ্গল থানা পুলিশ।

 

গ্রেফতার ব্যক্তিরা হলেন- খোশবাস গ্রামের মো. ছাদ মিয়ার ছেলে শাহ আলম (৩৮), বিলের পাড় গ্রামের মৃত ইসমাইল আলীর ছেলে সালাউদ্দিন (২৯) এবং শংকরসেনা (শিববাড়ী) গ্রামের মো. আবদুল করিমের ছেলে মো. আলী হোসেন (৩৯)।

 

পুলিশ জানায়, শ্রীমঙ্গল থানার পুলিশের নেতৃত্বে উপজেলার ৮ নম্বর কালীঘাট ইউনিয়নের ভুরভুরিয়া চা বাগান সড়কে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সন্দেহজনক অবস্থায় তিনজনকে আটক করে পুলিশ। পরে তাদের দেহ তল্লাশি করে ডাকাতির কাজে ব্যবহারের জন্য রাখা দেশীয় অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধার করা সরঞ্জামের মধ্যে রয়েছে একটি দেশীয় রামদা, একটি লোহার বোল্ট, একটি কাটার এবং স্টিলের তৈরি এসএস রড। একই সময় ঘটনাস্থল থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি সাদা রঙের পাজেরো জিপ গাড়ি জব্দ করা হয়।

 

এ বিষয়ে থানার এসআই মো. দেলোয়ার হোসেন জানান, ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে বিভিন্ন দেশীয় অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। গ্রেফতার তিনজনের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ডাকাতি, ছিনতাই, মাদকসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

 

তিনি আরও জানান, এই ঘটনায় শ্রীমঙ্গল থানায় পুলিশ বাদী হয়ে দণ্ডবিধির ৩৯৯ ও ৪০২ ধারায় মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত পলাতক সহযোগীদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

 

সিলেটভিউ২৪ডটকম/ মআস ০৭/ এহিয়া-১৬