ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের সঙ্গে হওয়া ঘটনায় সরকারের পক্ষ থেকে কঠিন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চোধুরী। তিনি বলেছেন, বিষয়টি নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংসদে যুগান্তকারী বক্তব্য রেখেছেন।
আমি নিজেও বাঁধনের সঙ্গে কথা বলেছি। তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার ন্যায় বিচার হবে। দেশে এবং দেশের বাইরে শিল্পীদের সঙ্গে হেনস্তার ঘটনায় সরকার কখনো দায় এড়াতে চায়নি।
রবিবার সকালে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত আইন-শৃঙ্খলা কমিটির সভা ও দপ্তর প্রধানদের সঙ্গে মতবিনিময় শেষে এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
তিনি বলেন, দেশে যেমন অপশক্তি আছে, শুভ শক্তিও আছে, দেশের বাইরেও অপশক্তি-শুভ শক্তি আছে। তবে দেশের বাইরেও অপকর্ম করে পার পাওয়া যাবে না।
এর আগে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আইন-শৃঙ্খলা কমিটির সভা ও দপ্তর প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় বিভিন্ন অপরাধ নির্মূলে আলোকপাত করেন সংস্কৃতিমন্ত্রী। এ ছাড়া শিক্ষা, স্বাস্থ্য, কৃষিখাতে বিভিন্ন অনিয়ম রুখতে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
সভায় আরো অংশ নেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য নেওয়াজ হালিমা আরলী, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক লুৎফুন নাহার, পুলিশ সুপার রুহুল কবীর খান, চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান, জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামানসহ বিভিন্ন দপ্তর ও বিএনপির নেতারা।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-০৩




