ছবি: সংগৃহিত
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ইব্রাহিমপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আবু মোছাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (১৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের জাফরপুর গ্রামের একটি চায়ের দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে নবীনগর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাত ৮টার দিকে জাফরপুর গ্রামের বাবুল মিয়ার চায়ের দোকানে অভিযান চালিয়ে আবু মোছাকে গ্রেপ্তার করা হয়। একটি রাজনৈতিক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম বলেন, চেয়ারম্যান আবু মোছাকে একটি রাজনৈতিক মামলায় গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে সোমবার তাকে আদালতে পাঠানো হবে।
স্থানীয়দের কেউ কেউ বলছেন, গুলশানে আওয়ামী লীগের কথিত ঝটিকা মিছিলের দুই দিন পর নবীনগরে এ অভিযান চালানো হলো। তবে এ গ্রেপ্তারের সঙ্গে ওই মিছিলের কোনো যোগসূত্র রয়েছে কি না, তা পুলিশ নিশ্চিত করেনি।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/ইকে-০৪




