কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭ নেতার মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জেলা শহর থেকে প্রায় ১৯ কিলোমিটার দূরে রায়পুর উপজেলার বর্ডার বাজার এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়।
জানা গেছে, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি ইনানসহ আওয়ামী লীগের ৭ নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ড দেওয়ার প্রতিবাদে এ মিছিল করে নেতাকর্মীরা।
এদিকে মিছিলের প্রায় ৫২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ওই ভিডিওতে দেখা যায়, লক্ষ্মীপুর পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জায়েদ ইবনে মিরাজের নেতৃত্বে ১৫-২০ জন নেতাকর্মী অংশ নেন। এসময় তারা বিভিন্ন স্লোগান দেন।
ভিডিও যাচাই ও খোঁজ নিয়ে জানা গেছে, মিছিলটি জেলা শহর থেকে প্রায় ১৯ কিলোমিটার দূরে রায়পুর-চাঁদপুর বর্ডার বাজার এলাকায় করা হয়েছে।
এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়াহিদ পারভেজ বলেন, ‘মিছিলটি সদরে কোথাও হয়নি। এটি রায়পুর বর্ডার বাজার এলাকায় হয়েছে জানতে পেরেছি।’
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, ‘মিছিলের বিষয়ে জানা নেই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-১০




