কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থনে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে সাজেকগামী সিলেট বিভাগের হবিগঞ্জের সুশান্ত পালসহ ৬ পর্যটককে আটক করেছে পুলিশ।
 

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে রাঙামাটির বাঘাইছড়িতে বাঘাইহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাঘাইহাট জোন সদর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর স্কটের মাধ্যমে পর্যটকবাহী গাড়িগুলো সাজেকের উদ্দেশে রওনা হয়। গাড়িগুলো বাঘাইহাট বাজার এলাকা অতিক্রম করার সময় ছয় পর্যটক আওয়ামী লীগের সমর্থনে ‘জয় বাংলা’ স্লোগান দেন বলে অভিযোগ ওঠে।
 

এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হলে খবর পেয়ে সাজেক থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই ছয় পর্যটককে আটক করে। পরে তাদের সাজেক থানা হেফাজতে নেওয়া হয়।

আটককৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার মো. ফারদিন এহসান হৃদয় (২৪) ও ইয়াছিন (৩২), হবিগঞ্জ জেলার সুশান্ত পাল (২৩), হারুন ইসলাম তুষার (২৬) ও রিয়াজ উদ্দিন ভূইয়া (২৩) এবং পটুয়াখালী জেলার মো. সাইফুল ইসলাম (২৭)।
 

সাজেক থানা পুলিশ জানিয়েছে, বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আটক ছয় পর্যটকের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তোফাজ্জল হোসেন জানান, আটক পর্যটকরা বাঘাইহাট বাজারের প্রথম থেকে শেষ পর্যন্ত স্লোগান দিতে থাকে। স্থানীয়রা তাদের পেছন পেছন আসলে উত্তেজনা সৃষ্টি হয়। পরে তাদের আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা প্রক্রিয়াধীন।

 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-১২