​মেট্রোপলিটন ইউনিভার্সিটি রোভার স্কাউট গ্রুপের প্রতিষ্ঠাতা, রোভার স্কাউট লিডার (আরএসএল) স্কাউটার শাহ মিনহাজ রহমান, পিএস যুক্তরাজ্যে মর্যাদাপূর্ণ ‘উড ব্যাজ পার্চমেন্ট সার্টিফিকেট’ অর্জন করেছেন। এর আগে বাংলাদেশেও উড ব্যাজ অর্জন করেছিলেন তিনি।

শনিবার মেট্রোপলিটন ইউনিভার্সিটির জনসংযোগ শাখা জানায়, ​শাহ মিনহাজ রহমানের বর্ণাঢ্য স্কাউটিং জীবনে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ অর্জন। তিনি ২০০১ সালে স্কাউটিংয়ের অন্যতম শীর্ষ সম্মাননা ‘প্রেসিডেন্ট স্কাউট’ (পিএস) অর্জন করেন এবং ২০১৪ সালে ‘ন্যাশনাল সার্টিফিকেট অ্যাওয়ার্ড’ (এনসিএ) লাভ করেন। যুক্তরাজ্যে এই স্বীকৃতি পাওয়ার আগে ২০১৫ সালের ৪ ফেব্রুয়ারি তিনি বাংলাদেশে উড ব্যাজ অর্জন করেন।


​শাহ মিনহাজ রহমান মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে রোভার স্কাউটিংয়ের প্রাতিষ্ঠানিক ও সাংগঠনিক ভিত্তি গঠনে অগ্রণী ভূমিকা রাখেন। তাঁর সুদীর্ঘ অভিজ্ঞতা ও দিকনির্দেশনায় সংগঠনটি গতিশীলতা লাভ করে। যুক্তরাজ্যে উড ব্যাজ অর্জনের মাধ্যমে তাঁর নেতৃত্ব ও অবদানের ঝুলিতে যুক্ত হলো আরেকটি গৌরবময় অধ্যায়।

​শাহ মিনহাজ রহমানের এই আন্তর্জাতিক অর্জনে মেট্রোপলিটন ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ড. তৌফিক রহমান চৌধুরী, বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান তানভীর এমও রহমান চৌধুরী, রোভার স্কাউট গ্রুপের সভাপতি অধ্যাপক শেখ আশরাফুর রহমান, গ্রুপ সম্পাদক ও রোভার স্কাউট লিডার মো. আমজাদ হোসেন এবং গার্ল-ইন রোভার স্কাউট লিডার ওয়াদিয়া ইকবাল চৌধুরী তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

শুভেচ্ছা বার্তায় তাঁরা বলেন, শাহ মিনহাজ রহমানের এই আন্তর্জাতিক অর্জন মেট্রোপলিটন ইউনিভার্সিটি রোভার স্কাউট গ্রুপের জন্য যুগান্তকারী ও ঐতিহাসিক সাফল্য। তাঁর এই আন্তর্জাতিক স্বীকৃতি কেবল বিশ্ববিদ্যালয়ের নামকে আন্তর্জাতিক অঙ্গনে উজ্জ্বল করেনি, বরং তরুণ রোভার স্কাউটদের নেতৃত্ব, সেবা ও অর্জনের পথে এগিয়ে যাওয়ার জন্য এক বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

প্রসঙ্গত, স্কাউটস আন্দোলনে ‘উড ব্যাজ’ আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি অ্যাওয়ার্ড। নেতৃত্ব ও প্রয়োজনীয় দক্ষতার নির্ধারিত প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করার পর এটি প্রদান করা হয়। যুক্তরাজ্যে ১৯১৯ সালে এই বিশেষ প্রশিক্ষণের প্রচলন শুরু হয়েছিল।

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে