দেশীয় অস্ত্রসহ নিয়ে নড়াইল জেলা আদালতে মামলার হাজিরা দিতে এসে পুলিশের হাতে আটক হয়েছেন ১১ জন।
রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে আদালতে এক আইনজীবীর চেম্বার থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- নড়াইলের নড়াগাতি থানার কলাবাড়িয়া ইউনিয়নের চরকান্দিপাড়া গ্রামের এসকেন্দার শেখ (৫৫), আমিনুর শিকদার (৫৬), হাফেজ শেখ (২৫), তৈয়েবুর রহমান (৫৫), সেকেন্দার আলী (৪৫), হাসানুর রহমান (৫৫), রিয়াজুল শিকদার (২২), আরিফুল শেখ (২২), তারেখ শেখ (৩২), জুলফিকার মোল্যা (৪৫) ও শরিফুল মোল্যা (৪০)।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে মারামারির মামলায় হাজিরা দিতে এসে আটক ব্যক্তিরা আদালত চত্বরের এক আইনজীবীর চেম্বারে অবস্থান করছিলেন। এ সময় নড়াইল সদর থানা পুলিশের একটি দল গোপন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে রামদা, চাপাতি ও দাসহ ১২টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, অস্ত্রসহ আটকের ঘটনায় তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। আদালত এলাকায় অস্ত্র নিয়ে আসার পেছনে অন্য কোনো কারণ আছে কি না তদন্ত করছে পুলিশ।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-০২




