ছবি: ফাইল ছবি।

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩০ জন। তবে এ সময়ে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি।

 



স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন শনাক্ত রোগীদের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জন, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে একজন, মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, হবিগঞ্জ সদর হাসপাতালে দুজন এবং সুনামগঞ্জ সদর হাসপাতালে একজন রয়েছেন।


এদিকে, বর্তমানে হাসপাতালে ভর্তি থাকা ৩০ জনের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৯ জন, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন, হবিগঞ্জ সদর হাসপাতালে ৭ জন, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, সুনামগঞ্জ সদর হাসপাতালে ৪ জন, মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জনএবং মৌলভীবাজার সদর হাসপাতালে ২ জন রয়েছেন।

 

স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত সিলেট বিভাগে মোট ৩৩৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এ সময়ে ডেঙ্গুতে মারা গেছেন তিনজন।

 

জেলাভিত্তিক হিসাবে, সিলেটে ৭১ জন, সুনামগঞ্জে ৭৬ জন, হবিগঞ্জে ১৩৯ জন এবং মৌলভীবাজারে ৩৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে সিলেটে একজন, হবিগঞ্জে একজন এবং মৌলভীবাজারে একজনের মৃত্যু হয়েছে।

 

এ ছাড়া সিলেট বিভাগের বাইরের জেলা থেকে আসা আরও ১২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। তাঁদের মধ্যে ময়মনসিংহের একজন, মুন্সিগঞ্জের একজন, ব্রাহ্মণবাড়িয়ার পাঁচজন, নেত্রকোনার দুজন, বরিশালের একজন, নোয়াখালীর একজন ও ফেনীর একজন রয়েছেন।

 

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ হিসাব অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত সিলেট বিভাগে ডেঙ্গুতে মোট ৩ জনের মৃত্যু হয়েছে।

 

 

 

সিলেটভিউ২৪ডটকম/মআস-০২/আশিক-০৯