সিলেট বিভাগের চার জেলায় একযোগে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এই অভিযান পরিচালনা করা হয়। 


সিলেট বিভাগীয় কার্যালয় জানায়, অভিযানে আইন অমান্য ও পরিবেশ দূষণের দায়ে ১৬টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এ সময় মোট ৩৮ লাখ ৬৫ হাজার ৯৮০ টাকা জরিমানা করা হয়।



পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বিভাগের ৬টি প্রতিষ্ঠান অনুমোদন ছাড়া অবৈধভাবে কার্যক্রম পরিচালনা করায় তাদের ৮৫ হাজার টাকা এবং ছাড়পত্রের মেয়াদ শেষ হওয়ার পরও নবায়ন না করায় অপর ৬টি প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া পরিবেশগত ছাড়পত্রের শর্ত ভঙ্গ করায় ২টি প্রতিষ্ঠানকে দেয়া হয়েছে ৩০ হাজার টাকা জরিমানা।

 

এদিকে তরল বর্জ্য সরাসরি নদীতে ফেলে পরিবেশ ও সংলগ্ন নদী দূষিত করার দায়ে ২টি প্রতিষ্ঠানকে গুনতে হয়েছে সর্বোচ্চ ৩৬ লাখ ৭০ হাজার ৯৮০ টাকা জরিমানা।

 

পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. আবুল কালাম আজাদ জানান, ক্ষতিপূরণ ও জরিমানার আদেশপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোকে আগামী ৭ কার্যদিবসের মধ্যে সমুদয় অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার কড়া নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে জরিমানার টাকা জমা দিতে ব্যর্থ হলে অনাদায়ী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

 


সিলেটভিউ২৪ডটকম/মআস০৬/আশিক-০৫