সিলেটের দক্ষিণ সুরমাস্থ গোটাটিকর বিসিক শিল্পনগরীতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে ‘বৈশাখী বেকারি’ সিলগালা করা হয়েছে। একই সঙ্গে ‘রিয়েল ফুড প্রোডাক্টস’ নামের অপর একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার (২৩ সেপ্টেম্বর) জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে বৈশাখী বেকারিতে নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন, আয়োডিনমুক্ত লবণ ও ক্ষতিকর কেমিক্যাল ব্যবহারের প্রমাণ পায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। এছাড়া অভিযানের সময় মালিকপক্ষ উপস্থিত না হয়ে মোবাইল কোর্ট অবমাননা করায় প্রতিষ্ঠানটির সকল উৎপাদন কার্যক্রম বন্ধ ও সিলগালা করার নির্দেশ দেওয়া হয়।
অন্যদিকে, রিয়েল ফুড প্রোডাক্টসে কেকের প্যাকেটে অগ্রিম তারিখ বসানো, মুরগির বিষ্ঠাযুক্ত ডিম এবং টেক্সটাইল কালার ব্যবহারের মারাত্মক অনিয়ম পায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে সিলেট জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. পারভেজ জানান, খাদ্য উৎপাদনে স্বাস্থ্যবিধি ও নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের বিরুদ্ধে প্রশাসনের এমন অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
সিলেটের নিরাপদ খাদ্য অফিসার সৈয়দ সারফরাজ হোসেনের সমন্বয়ে পরিচালিত এ অভিযানে নিরাপদ খাদ্য পরিদর্শক এবং সিলেট সিটি কর্পোরেশনসহ পুলিশ এর সিলেট সিটি পুলিশের একটি টিম অংশ নেয়।
সিলেটভিউ২৪ডটকম/মআস-০৭




