দলীয় শৃঙ্খলা পরিপন্থী আচরণ ও চরম দায়িত্ব অবহেলার অভিযোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা যুবদলের শীর্ষ তিন নেতাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ প্রদান করেছে জেলা যুবদল।
 

বুধবার মৌলভীবাজার জেলা যুবদলের দপ্তর সম্পাদক হাবিবুর বাশার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নোটিশ জারি করা হয়।
 


শোকজপ্রাপ্ত নেতারা হলেন—শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন জারু, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আব্দুল মোহিত কদর এবং সদস্য সচিব টিটু আহমেদ।

দলীয় সূত্রে জানা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটি ঘোষিত সাম্প্রতিক কর্মসূচিগুলো নিজ ইউনিটে পালন করেননি এই তিন নেতা। জেলা যুবদলের পক্ষ থেকে বিষয়টিকে দলীয় শৃঙ্খলা পরিপন্থী, দায়িত্বে চরম অবহেলা এবং সংগঠনকে দুর্বল করার অপচেষ্টা হিসেবে গণ্য করা হয়েছে।


নোটিশে বলা হয়েছে, কেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না—তা আগামী ৭ (সাত) কার্যদিবসের মধ্যে মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল ও সাধারণ সম্পাদক এম এ মুহিত-এর নিকট সশরীরে উপস্থিত হয়ে লিখিতভাবে কারণ দর্শাতে হবে।
 

নির্দিষ্ট সময়ের মধ্যে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী আরও কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ওই নোটিশে কড়া সতর্কবার্তা দেওয়া হয়েছে।
 

মৌলভীবাজার জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ মুহিত বৃহস্পতিবার রাত ১১টার দিকে মুঠোফোনে কারণ দর্শানোর নোটিশের বিষয়টি নিশ্চিত করেন।

 


সিলেটভিউ২৪ডটকম/সাইফুল/এসডি-০১