সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে বিশেষ অভিযান চালিয়ে ৯০ বোতল বিদেশি মদসহ মো. আমিনুল ইসলাম (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯।
 

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল উপজেলার সলুকাবাদ ইউনিয়নের রতারগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
 


গ্রেপ্তারকৃত আমিনুল রতারগাঁও গ্রামের মৃত ওয়াহেদ আলীর ছেলে।

এসআরবি সূত্রে জানা যায়, শুক্রবার সকাল পৌনে আটটার দিকে এসআরবি-৯-এর একটি আভিযানিক দল বিশ্বম্ভরপুর থানার বাঘবেড় বাজার এলাকায় টহলে ছিল। এ সময় গোপন সংবাদের মাধ্যমে তারা জানতে পারেন, রতারগাঁও এলাকার একটি পুকুরপাড়ে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য বেচাকেনার উদ্দেশ্যে অবস্থান করছে।
 

প্রাপ্ত সংবাদের ভিত্তিতে সকাল ৮টার দিকে আভিযানিক দলটি ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় এসআরবির উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে আমিনুলকে আটক করা হয়। পরে তার সঙ্গে থাকা প্লাস্টিকের বস্তা থেকে ৯০ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।
 

এসআরবি’র প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমিনুল স্বীকার করেছেন এবং সে সীমান্তবর্তী এলাকা থেকে বিক্রির উদ্দেশ্যে মদ সংগ্রহ করে নিজের কাছে রেখেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে এসআরবি-৯-র (মিডিয়া অফিসার) অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাকে জব্দকৃত আলামতসহ বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়।
 

তিনি আরও উল্লেখ করেন, মাদকের বিস্তার রোধে 'জিরো টলারেন্স' নীতি বাস্তবায়নে এসআরবি-৯-এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 


সিলেটভিউ২৪ডটকম/মআস-০৩