সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৩৩১ পিস ইয়াবা ও নগদ ২৬ হাজার ১২০ টাকা উদ্ধার করা হয়।
পুলিশ সূত্র জানায়, ২৫ সেপ্টেম্বর রাত সোয়া ১২টার দিকে সিলেট নগরীর পূর্ব দরগাহ গেইট এলাকায় অভিযান চালায়। পরে ইছকন্দর আলী (৪৬) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২১ পিস ইয়াবা ও নগদ ২ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়। এবং একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়।
আটক ইছকন্দর সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার মারপসি গ্রামের কুতুব আলীর ছেলে। পরবর্তীতে আটক ইছকন্দর আলীর দেওয়া তথ্যের ভিত্তিতে রাত পৌনে ৪টায় জালালাবাদ থানার ইসলামগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় আব্দুল আউয়াল খান (৪১) নামের অপর এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি কালারুকা গ্রামের মেম্বার খানের ছেলে।
তার কাছ থেকে ৩১০ পিস ইয়াবা ও নগদ ২৪ হাজার ২০ টাকা জব্দ করা হয়। অভিযানকালে আটক দুই ব্যক্তির কাছ থেকে মোট ৩৩১ পিস ইয়াবা ও নগদ ২৬ হাজার ১২০ টাকা উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আটক দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/মআস-২৯






