সিলেটের পাহাড়, সবুজ চা-বাগান আর লালাখালের স্বচ্ছ পানির নৈসর্গিক পরিবেশে মেট্রোপলিটন ইউনিভার্সিটি রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল ‘বার্ষিক হাইকিং-২০২৬’। শনিবার (২৬ সেপ্টেম্বর) গোয়াইনঘাটের গঙ্গাজুম এলাকা ও লালাখাল টি এস্টেটে দিনব্যাপী এই রোমাঞ্চকর আয়োজনে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের রোভার, গার্ল-ইন রোভার, সহচর ও নতুন সদস্যসহ প্রায় ৬০ জন।
উল্লেখ্য, গ্রুপ প্রেসিডেন্ট প্রফেসর শেখ আশরাফুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় পুরো হাইকিং কার্যক্রমের পরিকল্পনা করা হয়। মাঠপর্যায়ে কার্যক্রম পরিচালনা ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রোভার স্কাউট লিডার (আরএসএল) ও গ্রুপ সম্পাদক মো. আমজাদ হোসাইন এবং গার্ল-ইন রোভার স্কাউট লিডার (আরএসএল) ওয়াদিয়া ইকবাল চৌধুরী।
সকালের নাস্তার মধ্য দিয়ে শুরু হওয়া দিনের প্রধান আকর্ষণ ছিল গঙ্গাজুম পাহাড় ও লালাখাল চা-বাগান এলাকায় দলবদ্ধ হাইকিং। উঁচু-নিচু পাহাড়ি পথ, উপত্যকার প্রাকৃতিক দৃশ্য এবং লালাখালের নীল-সবুজ পানির সৌন্দর্য উপভোগের পাশাপাশি রোভাররা দলগত শৃঙ্খলা, নেতৃত্ব ও পারস্পরিক সহযোগিতার চর্চা করেন। বিশেষ করে নতুন সদস্যরা সিনিয়রদের সান্নিধ্যে এসে স্কাউটিংয়ের মূলভাব ও অভিজ্ঞতা অর্জনের সুন্দর সুযোগ পান।
দিনের শেষ অংশে রোভারদের জন্য আয়োজন করা হয় এক রোমাঞ্চকর 'ট্রেজার হান্ট' গেম। সেখানে গোপন কোড ও সংকেত বা সাইফার সমাধান করে চূড়ান্ত গুপ্তধন খুঁজে বের করতে হয়। বুদ্ধিমত্তা ও দলগত বোঝাপড়ার এই খেলাটি আয়োজনে বাড়তি আনন্দ ও উত্তেজনা যোগ করে।
আয়োজনটি সফল করতে সার্বিক সহযোগিতা ও পৃষ্ঠপোষকতার জন্য মেট্রোপলিটন ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ড. তৌফিক রহমান চৌধুরী এবং বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান তানভীর এমও রহমান চৌধুরীর প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। একই সাথে এই সুন্দর আয়োজনকে সফল ও স্মরণীয় করে তোলার জন্য মেট্রোপলিটন ইউনিভার্সিটি প্রশাসন, মাননীয় ভাইস চ্যান্সেলর, সম্মানিত প্রো-ভাইস চ্যান্সেলর, সম্মানিত ট্রেজারার এবং গ্রুপ সভাপতি মহোদয় ও রোভার স্কাউট লিডার ম্যাডামকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
সর্বোপরি, মেট্রোপলিটন ইউনিভার্সিটি রোভার স্কাউট গ্রুপের ‘বার্ষিক হাইকিং-২০২৬’ কেবল একটি আনন্দঘন ভ্রমণ ছিল না; এটি ছিল প্রকৃতি থেকে শিক্ষা, নেতৃত্ব বিকাশ এবং ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করার এক অনন্য মাধ্যম। গঙ্গাজুম পাহাড় ও লালাখালের চোখজুড়ানো প্রাকৃতিক পরিবেশে রোভাররা শৃঙ্খলা, দলগত সহযোগিতা ও বুদ্ধিমত্তার দারুণ দৃষ্টান্ত স্থাপন করেছেন।
সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে






