ছবি: সংগৃহিত
নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি তুহিন রেজাসহ তিনজনকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী বাজার এলাকার একটি তেলপাম্প থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি তুহিন রেজা (৩৩), ঢাকা মহানগর শ্রমিক লীগের নেতা সোহাগ (৩৭) ও ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের নেতা সাদ্দাম হোসেন (৩২)।
জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ওসি শরিফুল ইসলাম বলেন, নাশকতা ও সরকারবিরোধী ষড়যন্ত্রের উদ্দেশ্যে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা গোপন মিটিংয়ে অংশ নিয়েছে, এমন গোপন সংবাদ পায় ডিবি পুলিশের একটি টিম। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার বিষয়খালী বাজার এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকালে বিষয়খালী বাজার পেরিয়ে ঝিনাইদহ-যশোর মহাসড়কের পাশে একটি তেলপাম্প থেকে তিনজনকে আটক করা হয়।
তিনি আরও বলেন, আটকের মধ্যে একজন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি। আরেকজন ঢাকা মহানগর শ্রমিক লীগের কমিটির পদধারী নেতা। অপরজন ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের নেতা।
ওসি শরিফুল ইসলাম বলেন, আটক তিনজনকে জেলা ডিবি পুলিশের হেফাজতে রাখা হয়েছে। নাশকতা ও সরকারবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে আটকদের বিরুদ্ধে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। মামলার পরে আটকদের আদালতে সোপর্দ করা হবে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/ইকে-০৪






