ছবি- মোজাম্মেল হক
সিলেট শহরের অদূরে প্রকৃতির অপার সৌন্দর্য নিয়ে পর্যটকদের হাতছানি দিয়ে ডাকছে বাইশটিলা। সবুজে ঘেরা টিলা, বিস্তীর্ণ জলাভূমি, আঁকাবাঁকা পথ আর নৌভ্রমণের সুযোগ—সব মিলিয়ে ছুটির দিনে এটি হয়ে উঠছে নগরবাসীর অন্যতম পছন্দের বিনোদনকেন্দ্র।
সিলেট সদর উপজেলার বিমানবন্দর এলাকার পাশে অবস্থিত বাইশটিলার চারপাশজুড়ে রয়েছে সবুজের সমারোহ। সিলেট নগরী থেকে বাইশটিলা যাওয়ার পথে চোখে পড়ে সবুজ চা-বাগান, টিলা ও গ্রামীণ জনপদ। রাস্তার দুই পাশে ছড়িয়ে থাকা সবুজ প্রকৃতি সহজেই মুগ্ধ করে পথচারীদের। কিছুটা এগিয়ে গেলে দেখা মেলে বিশাল জলাভূমির। সেখানে ছোট ছোট নৌকায় ঘুরে বেড়ান দর্শনার্থীরা। পানির ওপর নৌকার চলাচল আর চারপাশের সবুজের মেলবন্ধন তৈরি করে মনোরম পরিবেশ।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সাম্প্রতিক সময়ে বাইশটিলায় দর্শনার্থীর সংখ্যা বাড়ছে। ছুটির দিনগুলোতে বিকেলের পর পরিবার, বন্ধু ও স্বজনদের নিয়ে অনেকেই এখানে ঘুরতে আসেন। কেউ নৌকায় ঘুরে সময় কাটান, আবার কেউ টিলার সবুজ প্রকৃতির মাঝে ছবি তুলে স্মৃতি ধরে রাখেন।
ঢাকা থেকে ঘুরতে আসা পর্যটক রাকিব হাসান বলেন, “সিলেটের অনেক পর্যটনকেন্দ্র ঘুরেছি। তবে বাইশটিলার পরিবেশটা আলাদা। শহরের এত কাছে এমন সবুজ আর শান্ত পরিবেশ সত্যিই ভালো লেগেছে। সুযোগ পেলে আবারও আসব।
সিলেট নগরীর এক দর্শনার্থী তানজিলা আক্তার বলেন, পরিবার নিয়ে বিকেলে এখানে এসে বেশ ভালো সময় কাটিয়েছি। নৌভ্রমণ আর চারপাশের প্রাকৃতিক দৃশ্য শিশুদেরও অনেক আনন্দ দিয়েছে। জায়গাটির আরও উন্নয়ন হলে পর্যটক আরও বাড়বে।
বাইশটিলায় যাওয়ার পথে দেখা যায় সবুজ চা-বাগান ও মনোরম গ্রামীণ দৃশ্য। পথের পাশে ছোট দোকানগুলোতে পাওয়া যায় গরুর দুধের চা। প্রকৃতির নৈসর্গিক পরিবেশের সঙ্গে চায়ের স্বাদ ভ্রমণের আনন্দকে আরও বাড়িয়ে দেয়।
পর্যটকদের মতে, নিরাপত্তা, পরিচ্ছন্নতা, বসার ব্যবস্থা, যাতায়াত ও নৌভ্রমণের সুযোগ আরও উন্নত করা গেলে বাইশটিলা সিলেটের অন্যতম আকর্ষণীয় পর্যটনকেন্দ্র হিসেবে নতুন পরিচিতি পেতে পারে।
সিলেটভিউ২৪ডটকম/মআস-০৬






