ছবি: সিলেট ভিউ।
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে অভিযান চালিয়ে ৭ জনকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ন (এসআরবি-৯)। রবিবার (৪ অক্টোবর) দুপুরে শায়েস্তাগঞ্জ রেলওয়ে গুদাম ও রেজভীয়া জামে মসজিদের সামনের ট্রাকস্ট্যান্ড এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- গাইবান্ধার সাঘাটা উপজেলার হাসিলকান্দি মাস্টারপাড়ার (বর্তমানে শায়েস্তাগঞ্জের দক্ষিণ লেঞ্জাপাড়ায় বসবাসরত) মো. আবুল হাসেমের ছেলে মো. খায়রুল হাসান পলাশ (৩৫), হবিগঞ্জের লাখাই উপজেলার পূর্ব বুল্লা গ্রামের মৃত সুধাংশু মল্লিকের ছেলে সুভাষ চন্দ্র মল্লিক (২৬), নবীগঞ্জ উপজেলার চৌশতপুর গ্রামের দানিসুল্লাহর ছেলে কামরুল ইসলাম (৪১), শায়েস্তাগঞ্জ পৌরসভার দাওদনগর বাজার এলাকার মৃত গোপাল রবিদাসের ছেলে রনি রবিদাস (২৩), একই উপজেলার নিজগাঁও গ্রামের মো. আবদুল শহীদের ছেলে মো. শাহ আলম (২৮), চরনূর আহমেদ গ্রামের মৃত শেখর মিয়ার ছেলে মো. তৌহিদ মিয়া (২৬) ও নবীগঞ্জের পিরিজপুর গ্রামের মো. মুজিবুর রহমানের ছেলে রেদোয়ান হোসেন (২৩)।
এসআরবি জানায়, রবিবার (৪ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে শায়েস্তাগঞ্জ রেলওয়ে গুদাম ও রেজভীয়া জামে মসজিদের সামনের ট্রাকস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় এসআরবির উপস্থিতি টের পেয়ে ৭ যুবক পালানোর চেষ্টাকালে তাদেরকে আটক করা হয়। পরবর্তীতে আটক ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় তারা স্থানীয় পর্যায়ে অনলাইন জুয়ার এজেন্ট হিসেবে কাজ করছিলেন। কমিশন লাভের আশায় তারা বিভিন্ন অ্যাপস (777 Jaya, BD89, 77KK, WINBD.VIP, BDBAJEE, CV66, 77BD, 8777bet, A880.COM, R77, XE66.COM) ইত্যাদি ব্যবহার করে সাধারণ মানুষকে জুয়ায় উৎসাহিত করতেন। এ সময় তাদের কাছ থেকে অনলাইন জুয়ায় ব্যবহৃত ৭টি স্মার্ট মোবাইল ফোন জব্দ করা হয়।
এসআরবির অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, ‘পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আটক ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক আটককৃতরা ও জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে।’
সিলেটভিউ২৪ডটকম/আশিক-১৯





