রোবোটিক্স ও প্রযুক্তি নিয়ে কাজ করে আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য পেয়েছেন সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মুশফিকুর রহমান সায়েম। সম্প্রতি মালয়েশিয়ার কুয়ালালামপুরে সেগি  বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত World Invention Competition and Exhibition- 2026 এর আন্তর্জাতিক পর্বে তথ্যপ্রযুক্তি ও রোবোটিক্স বিভাগে অংশ নিয়ে তিনি স্বর্ণপদক ও বেস্ট প্রজেক্ট এওয়ার্ড অর্জন করেন।

 


সায়েম বর্তমানে দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। প্রযুক্তির প্রতি আগ্রহ থেকেই ২০২০ সালে ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময় রোবোটিক্সের সঙ্গে তার পথচলা শুরু। এরপর জেলা, উপজেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে ১৫ বারের বেশি পুরস্কার ও সম্মাননা অর্জন করেছেন তিনি।

 

Fibonacci International Robot Olympiad  জাতীয় পর্যায়েও অংশ নিয়েছেন সায়েম। সেখানে সাফল্যের মাধ্যমে ইতালির,রোমে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ অর্জন করেছেন। মালয়েশিয়ায় আন্তর্জাতিক স্বর্ণপদক অর্জনের পর রোমে আন্তর্জাতিক পর্যায়ে অংশ নেওয়ার সুযোগ তার রোবোটিক্সচর্চার নতুন অধ্যায় তৈরি করেছে।

 

মুশফিকুর রহমান সায়েম কোয়ান্টাম স্পার্ক ক্লাবের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (Founder & CEO)  এবং দলনেতা। তার নেতৃত্বে সংগঠনটি রোবোটিক্স, প্রযুক্তি ও উদ্ভাবনকেন্দ্রিক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। দীর্ঘদিনের চর্চায় সায়েম প্রযুক্তিনির্ভর বিভিন্ন প্রকল্পও তৈরি করছেন।

 

তার অন্যতম প্রকল্প ফায়ার ফাইটিং অ্যান্ড রেসকিউ রোবট। অগ্নিনির্বাপণ ও উদ্ধার কার্যক্রমকে আরও নিরাপদ, কার্যকর ও প্রযুক্তিনির্ভর করাই এ প্রকল্পের লক্ষ্য। প্রকল্পটির উন্নয়ন ও বাস্তব প্রয়োগের জন্য সরকারি বিনিয়োগ এবং প্রয়োজনীয় সহযোগিতা চান সায়েম।

 

তার মতে, প্রযুক্তিনির্ভর উদ্ধারব্যবস্থা গড়ে তোলা গেলে ঝুঁকিপূর্ণ অগ্নিনির্বাপণ ও উদ্ধার কার্যক্রমে মানুষের সরাসরি ঝুঁকি কমানো সম্ভব হতে পারে। তরুণ উদ্ভাবকদের গবেষণা ও প্রযুক্তি প্রকল্পে সহায়তার মাধ্যমে এ ধরনের উদ্যোগ আরও এগিয়ে নেওয়ার সুযোগ রয়েছে।

 

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/আশিক-০৪