ছবি: সংগৃহিত।
১৮টি রিসোর্ট বন্ধের চূড়ান্ত নোটিশ দিয়েছে সরকার। এর মধ্যে ১০ প্রতিষ্ঠানকে ৩০ দিন ও আট প্রতিষ্ঠানকে ১৫ দিনের মধ্যে সব স্থাপনা সরানোর নির্দেশ দেওয়া হয়েছে।
জানা গেছে, খুলনার দাকোপ উপজেলার সুন্দরবনসংলগ্ন অনুমোদনহীন ঢাংমারী, কৈলাসগঞ্জ ও বাণিশান্তা এলাকায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই এসব রিসোর্ট ও কটেজ পরিচালিত হয়ে আসছিল। অরণ্যছায়া, অরণ্যবাড়ী, কেওড়াবন, মায়াবন, গহন, দ্য ফরেস্ট রিট্রিট, নিকুঞ্জ ভ্যালি, লা সিলভা কটেজ, বনবিবি, সুন্দরী, ইরাবতী, বনমালী, গোলকানন, পিয়ালী, ম্যানগ্রোভ, জঙ্গলবাড়ী, বনবাস ও বনলতা নামের এই ১৮টি প্রতিষ্ঠানকে লিখিত নির্দেশ দিয়েছে অধিদপ্তর।
রবিবার (৪ অক্টোবর) পরিবেশ অধিদপ্তর খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হারুন-অর-রশীদ রিসোর্ট মালিকদের লিখিতভাবে চূড়ান্ত নোটিশ দেন। মঙ্গলবার (০৬ অক্টোবর) সকালে খুলনা বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক সরদার শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) ও বিধিমালা অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, নিয়মিত মামলাসহ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক-০৩





