প্রবাসী লেখক, সাংবাদিক ও একাডেমিকদের বৃহত্তম ফেডারেল সংগঠন অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (এবিজেএ)-এর সদস্য মনোনীত হয়েছেন সিলেটের জনপ্রিয় নিউজ পোর্টাল সিলেটভিউ২৪ডটনিউজের অস্ট্রেলিয়া প্রতিনিধি খলিলুর রহমান স্টালিন।
 

সংগঠনটির আসন্ন নির্বাচনকে সামনে রেখে বুধবার (৬ অক্টোবর) চূড়ান্ত সদস্য তালিকা প্রকাশ করা হয়। সেই তালিকায় তাঁর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এবিজেএর সদস্য বাছাই কমিটি আবেদনকারীদের পেশাগত পরিচয়, প্রয়োজনীয় কাগজপত্র এবং সংগঠনের নির্ধারিত নীতিমালা কঠোরভাবে পর্যালোচনা করে এই তালিকা চূড়ান্ত করে। যাচাই-বাছাই প্রক্রিয়ায় নিয়ম, স্বচ্ছতা ও নিরপেক্ষতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
 


খলিলুর রহমান স্টালিন একজন বাংলাদেশী বংশোদ্ভূত প্রবাসী সাংবাদিক। বর্তমানে অস্ট্রেলিয়ায় বসবাস করার পাশাপাশি তিনি সেখানে পেশাগত দায়িত্ব পালন করছেন। এর আগে বাংলাদেশে থাকাকালীন তিনি দীর্ঘ দিন ক্রাইম রিপোর্টার হিসেবে সততা ও নিষ্ঠার সাথে কাজ করেছেন।
 

তিনি অপরাধবিষয়ক সাংবাদিকদের প্রধান পেশাদার সংগঠন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব) এবং সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য। এ ছাড়া তিনি ঢাকায় কর্মরত সিলেট বিভাগের সাংবাদিকদের সংগঠন ‘সিলেট বিভাগ সাংবাদিক সমিতি’র প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং বাংলাদেশ লেবার রাইটস জার্নালিস্ট ফোরামের (বিএলআরজেএফ) কার্যনির্বাহী সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

সিলেটের স্থানীয় দৈনিক উত্তরপূর্ব পত্রিকার মাধ্যমে খলিলুর রহমানের সাংবাদিকতা জীবন শুরু হয়। পরবর্তীতে তিনি সিলেটভিউ২৪ডটনিউজ, জাতীয় অনলাইন পোর্টাল বাংলামেইল২৪ডটকম, বিবার্তা২৪ডটনেট, ঢাকা মেইলডটকম এবং দৈনিক ইনকিলাবে ক্রাইম রিপোর্টার হিসেব কাজ করেছেন। পেশাগত জীবনের অন্যতম সাফল্য হিসেবে তিনি জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলনসহ একাধিক আন্তর্জাতিক সম্মেলন সফলভাবে কাভার করেছেন।

উল্লেখ্য, নির্ধারিত সময়সূচি অনুযায়ী সদস্যপদের আবেদন যাচাই-বাছাই শেষে ফাইন্যান্সিয়াল ও নন-ফাইন্যান্সিয়াল সদস্যদের এই চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে এবিজেএ। আগামী রোববার (২৫ অক্টোবর) দুপুর ১২টায় সিডনির রেড রোজ ফাংশন সেন্টারে সংগঠনটির এই বহুপ্রত্যাশিত নির্বাচন অনুষ্ঠিত হবে।

 


সিলেটভিউ২৪ডটকম/এসডি-১৭