কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত স্বেচ্ছাসেবক লীগের ওয়ার্ড পর্যায়ের নেতা মো. কামরুল ইসলামকে (৪১) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার সকালে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার খুলনার দাকোপ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত কামরুল ইসলাম খুলনার চালনা পৌরসভার পারচালনা গ্রামের মো. ফটিক সরদারের ছেলে। তিনি চালনা পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের ৭ নম্বর ওয়ার্ড শাখার সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচন চলাকালে উপজেলার পানখালী মমতাজ বেগম স্কুল সংলগ্ন রাস্তার পাশে বিএনপির স্থানীয় শাখা ও দলীয় প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা এবং লুটপাটের ঘটনা ঘটে। ওই ঘটনায় দায়ের করা একটি মামলায় তদন্ত সাপেক্ষে কামরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে দাকোপ থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা প্রসেনজিৎ ব্যানার্জী জানান, ২০২৪ সালের ২৬ নভেম্বর স্থানীয় বিএনপির এক নেতার দায়ের করা হামলা ও লুটপাটের মামলাটি তদন্তকালে কামরুল ইসলামের জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া যায়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় এবং বুধবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-০৬





