সুনামগঞ্জের তাহিরপুরে ৪ গ্রামের বাসিন্দারা আবারও সংঘর্ষের প্রস্তুতি নিচ্ছিলেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল থেকে আবারও লাঠিসোঁটা নিয়ে মুখোমুখি অবস্থান নেন তাঁরা। তবে সুনামগঞ্জ-১ আসনের (তাহিরপুর, ধর্মপাশা, জামালগঞ্জ ও মধ্যনগর) সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল উত্তেজিত জনতাকে শান্ত করেন।
জানা যায়, গত বুধবার (৭ অক্টোবর) দুপুরে ইজিবাইকের কাচে ক্রিকেট বল পড়া নিয়ে ৪ গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়। এতে ৩০ জন আহত হন। পরবর্তীতে বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালেও দুই পক্ষ মুখোমুখি অবস্থান নেন। পরবর্তীতে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল উত্তেজিত তরুণ-যুবকদের শান্ত করেন। ঘটনাস্থল থেকে সরিয়ে দেন তাদেরকে। তার কাছ থেকে বিষয়টি সীমাংসা করে দেওয়ার আশ্বাস পেলে উভয় পক্ষ সেখান থেকে সরে যায়।
সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল জানান, আরেক দফা সংঘর্ষের খবর পেয়ে আমি ঘটনাস্থলে এসেছি। আজ আবার লোকজন মারমারির প্রস্তুতি নিয়েছিল। আমি ঘটনাস্থলে গিয়ে সবার সঙ্গে কথা বলেছি। সবাই এখন শান্ত আছে।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিপামনি দেবী বলেন, 'ক্রিকেট খেলার বল অটোরিকশায় পড়ার ঘটনায় এই সংঘর্ষের সূত্রপাত হয়। মসজিদে মাইকিংয়ের পর থেকে এলাকায় পুলিশ মোতায়েন ছিল। ঘটনার সময় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে। পরিস্থিতি শান্ত আছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।'
সিলেটভিউ২৪ডটকম/আশিক-০৭





