ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও মশার বংশবিস্তার রোধে মৌলভীবাজারের রাজনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি রাজনগর বাজার প্রদক্ষিণ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে শেষ হয়। পরে সেখানে মশা নিধনের যন্ত্রের সাহায্যে ধোঁয়া ছিটানোর কার্যক্রম পরিচালনা করা হয়।


রাজনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ডিডিএলজি) রুবেল মাহমুদ।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন- রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল সিকদার, সহকারী কমিশনার (ভূমি) ফারজানা হোসেন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বর্ণালী দাশ।

এ ছাড়া উপস্থিত ছিলেন- রাজনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুবায়ের আহমেদ চৌধুরী, টেংরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর মতিন, পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জুবেল আহমদ রাসেল, ফায়ার সার্ভিসের কর্মকর্তা আলী হোসেন, বিএনপি নেতা জাহাঙ্গির আলম ও রুপক চন্দ্র দেব এবং সচেতন নাগরিকদের পক্ষে ফুয়াদ হোসেন মুরাদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

ডিডিএলজি রুবেল মাহমুদ বলেন, মশা নিধনে সরকার নির্দেশনা দিয়েছে। তবে এ ধরনের কার্যক্রম শুধু তিন মাসের মধ্যে সীমাবদ্ধ না রেখে সারা বছর অব্যাহত রাখা প্রয়োজন। এতে মশার বংশবিস্তার নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে এবং মানুষ মশাবাহিত রোগের ঝুঁকি থেকে সুরক্ষিত থাকতে পারবে। এ জন্য তিনি সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি নিজ নিজ বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পরামর্শ দেন।

ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়া গুরুত্বপূর্ণ। ফুলের টব পরিত্যক্ত পাত্র ডাবের খোসা ও অন্যান্য স্থানে জমে থাকা পানি নিয়মিত অপসারণের মাধ্যমে এডিস মশার বংশবিস্তার কমানো সম্ভব। এ ক্ষেত্রে প্রশাসনের উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণও জরুরি।

র‍্যালি ও মশা নিধন কার্যক্রমের মধ্য দিয়ে রাজনগরে ডেঙ্গু প্রতিরোধ এবং পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়।


সিলেটভিউ২৪ডটকম/সোহেল/এসডি-০৩