সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় শহর নাজরান ও জিজানে বৃহস্পতিবার সাময়িকভাবে জরুরি সতর্কতা জারি করা হয়। সম্ভাব্য বিপদের বিষয়ে বাসিন্দাদের সতর্ক করার কিচুক্ষণ পর দুই শহরকেই বিপদমুক্ত ঘোষণা করে দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগ।
তুর্কি সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয় জরুরি আগাম সতর্কতা প্ল্যাটফর্মের মাধ্যমে নাজরান ও জিজানে সতর্কবার্তা পাঠানো হয়। এ সময় বাসিন্দাদের নিরাপত্তাসংক্রান্ত নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়। পরে উভয় শহরেই বিপদ কেটে গেছে বলে ঘোষণা দেওয়া হয়।
তবে কী ধরনের হুমকি তৈরি হয়েছিল, সে বিষয়ে কর্তৃপক্ষ বিস্তারিত কিছু জানায়নি।
এ ঘটনার একদিন আগে ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছিল, হুতি বিদ্রোহীদের রিয়াদ লক্ষ্য করে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।
ওই ঘটনার আগে সৌদি রাজধানী রিয়াদ এবং এর কাছের আল-খারজ গভর্নরেটেও সতর্কতা জারি করা হয়েছিল। পরে ওই দুই এলাকাকেও বিপদমুক্ত ঘোষণা করে বেসামরিক প্রতিরক্ষা বিভাগ।
প্রসঙ্গত, ২০১৪ সাল থেকে ইয়েমেনের রাজধানী সানা ও কয়েকটি প্রদেশ নিয়ন্ত্রণ করছে হুতি বিদ্রোহী গোষ্ঠী।
তাদের বিরুদ্ধে এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারকে সমর্থন দিতে ২০১৫ সাল থেকে সামরিক জোটের নেতৃত্ব দিচ্ছে সৌদি আরব।
জাতিসংঘের মধ্যস্থতায় ২০২২ সালের এপ্রিলে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর ইয়েমেনে কিছু সময় তুলনামূলক শান্ত পরিস্থিতি ছিল। তবে সেই বিরতির পর জুলাইয়ে সংঘাত নতুন করে তীব্র হতে শুরু করে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-০৫





