সিলেটের জৈন্তাপুর উপজেলার মোকামপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবন নিয়ে সংবাদ প্রকাশের পর বিদ্যালয়টি পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) তিনি বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে দেখেন। এ সময় ছাদের প্লাস্টার ধসে ক্ষতিগ্রস্ত স্থানগুলো আগামী ১০ দিনের মধ্যে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। আগামী শনিবার থেকে সংস্কারকাজ শুরু হওয়ার কথা রয়েছে।
পরিদর্শনকালে উপজেলা নির্বাহী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, শিক্ষা কর্মকর্তা আনোয়ার পারভেজ, বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি ইমাম উদ্দিন ও প্রধান শিক্ষক আলমল আলি উপস্থিত ছিলেন।
বিদ্যালয় সূত্রে জানা যায়, ১৯৯২ সালে নির্মিত ভবনটি দীর্ঘদিন ধরে সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে জরাজীর্ণ হয়ে পড়েছে। সম্প্রতি শ্রেণিকক্ষে পাঠদান চলাকালে ভবনের ছাদের একটি অংশের প্লাস্টার ধসে পড়ে। এতে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় কোমলমতি শিক্ষার্থীরা। ভবনের বিভিন্ন অংশের প্লাস্টারও খসে পড়ার আশঙ্কা থাকায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দেয়।
এ অবস্থায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত সংস্কারকাজের উদ্যোগ নেওয়া হয়েছে। আসন্ন শারদীয় দুর্গাপূজার ছুটিতে বিদ্যালয় বন্ধ থাকার সময় সংস্কারকাজ সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে বলে জানানো হয়। এতে শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশে পাঠদানের সুযোগ তৈরি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, গত ৮ অক্টোবর সিলেটভিউ অনলাইনে ‘সিলেটে ক্লাস চলাকালে ধ*সে ছাদ, ঝুঁকিতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে বিদ্যালয়ের জরাজীর্ণ ভবন, শ্রেণিকক্ষে ছাদের প্লাস্টার ধসে পড়ার ঘটনা এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের বিষয়টি তুলে ধরা হয়েছিল।
সংবাদ প্রকাশের পর উপজেলা নির্বাহী কর্মকর্তার বিদ্যালয় পরিদর্শন ও সংস্কারের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তবে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে নির্ধারিত সময়ের মধ্যে সংস্কারকাজ সম্পন্ন করা এবং ভবনের অন্যান্য ঝুঁকিপূর্ণ অংশও পরীক্ষা করা জরুরি বলে মনে করছেন স্থানীয়রা।
সিলেটভিউ২৪ডটকম/জাহিদ/এসডি-০৮





