ছবি: সংগৃহিত

চট্টগ্রামের সীতাকুণ্ডে মধ্যরাতে দুর্বৃত্তের ছোড়াগুলিতে তারেক হোসেন বাপ্পি (২৬) নামে এক যুবদলকর্মী নিহত হয়েছে। এই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে তাফসির আলম শাওন (২২) নামে আরো এক যুবদলকর্মী।


 
শুক্রবার রাত পৌনে ১২টায় উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের অলিনগর এলাকার সাদ্দামের অফিসের সামনে এ ঘটনা ঘটে।


 

নিহত বাপ্পি সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নের মধ্যম মাহদাবাদ এলাকার কুরবান আলীর বাড়ির মৃত আলী আহমদের ছেলে। আহত শাওন একই এলাকার ইউসুফের ছেলে।


 
সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, কয়েকজন দুর্বৃত্ত যুবদল নেতা সাদ্দামের অফিসের সামনে তার অনুসারী যুবদল কর্মী তারেক ও শাওনকে এলোপাতাড়ি আঘাত করতে থাকেন।

 

এ সময় তারা নিজেদের বাঁচাতে আপ্রাণ চেষ্টা করেন। আঘাতের শেষ পর্যায়ে হামলাকারীরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়।

 

নিহত বাপ্পির ভাই রহিম খান বাবু জানান, দুর্বৃত্তরা তার ভাই বাপ্পি ও শাওনের ওপর অতর্কিত হামলা চালানোর পর তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। ঘটনার পর গুলিবিদ্ধ গুরুতর আহত দুজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার ভাই বাপ্পীকে মৃত ঘোষণা করেন।

 

হামলায় গুলিবিদ্ধ শাওন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউতে) চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থা সংকটাপন্ন বলেও জানান তিনি।

 

বিষয়টি সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপ-পরিদর্শক) নুরুল আলম আশেক জানান, গভীর রাতে হাসপাতালে জরুরি বিভাগে গুলিবিদ্ধ দুই যুবককে নিয়ে আসেন স্বজনরা। তাদের মধ্যে বাপ্পি নামে এক যুবককে মৃত ঘোষণা করেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। নিহতের মরদেহ হাসপাতালের হাসপাতালের মর্গে রয়েছে।

 

গুলিবিদ্ধ অপর যুবক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে।

 

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, মধ্যরাতে দুর্বৃত্তের ছোড়াগুলিতে দুই যুবক হতাহতের বিষয়টি তারা জানতে পেরেছেন। ঘটনায় জড়িত দুর্বৃত্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

 

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/ইকে-০৩