ছবি: সিলেট ভিউ।
হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহড়া ইউনিয়নের মনতলা ভূমি অফিস ও উপস্বাস্থ্যকেন্দ্রের পশ্চিম পাশে অবস্থিত একটি সেতু দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সম্প্রতি টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সেতুটির দুটি পিলার ভেঙে গেছে। পাশাপাশি পিলারের নিচ থেকে মাটি সরে যাওয়ায় এবং ওপরের রেলিং ও নেই ভেঙে গেছে। সেতুটি দিয়ে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা যায়, মনতলা-জগদীশপুর সড়ক থেকে মনতলা ভূমি অফিস ও মনতলা উপস্বাস্থ্যকেন্দ্রে যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগ এই সেতু। প্রতিদিন ভূমি-সংক্রান্ত সেবা নিতে আসা সাধারণ মানুষ, রোগী, শিক্ষার্থী, নারী, শিশু ও বয়স্ক ব্যক্তিরা সেতুটি ব্যবহার করেন। এ ছাড়া আশপাশের কয়েকটি গ্রামের বাসিন্দারাও দৈনন্দিন চলাচলের জন্য সেতুটির ওপর নির্ভরশীল।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সেতুটি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও কার্যকর সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি। সাম্প্রতিক পাহাড়ি ঢলে পিলারের নিচ থেকে মাটি সরে যাওয়ায় পরিস্থিতি আরও নাজুক হয়েছে। ফলে প্রতিদিন আতঙ্ক নিয়ে সেতুটি পারাপার হতে হচ্ছে তাঁদের।
স্হানীয়দের দাবী দ্রুত সেতুটি সংস্কার অথবা নতুন সেতু নির্মাণ করা না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। বিশেষ করে বর্ষা মৌসুমে শিশু, বয়স্ক ব্যক্তি ও রোগীদের চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। একটি নিরাপদ সেতু নির্মাণ করা হলে জনদুর্ভোগ কমার পাশাপাশি ভূমি অফিস ও উপস্বাস্থ্যকেন্দ্রে সেবা নিতে আসা মানুষের যাতায়াতও সহজ ও নিরাপদ হবে। এ বিষয়ে মাধবপুর উপজেলা প্রকৌশলী জে ই সাম জবেদ জানানা এটা আমাদের নয়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসে যোগাযোগ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউনো) মেহেদী হাসান জানান, এ বছর অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে উপজেলার বিভিন্ন এলাকায় রাস্তা, সেতু ও অন্যান্য অবকাঠামোর ক্ষতি হয়েছে। এ সেতুটির বিষয়ে বরাদ্দের জন্য মন্ত্রণালয় চিঠি প্রেরণ করা হয়েছে। বাজেট বরাদ্দ পাওয়া গেলে অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার ও পুনর্নির্মাণের কাজ শুরু করা হবে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নূর মামুন জানান গত তিন বছরে ব্রিজ নির্মাণের জন্য কোন বরাদ্দ আসেনি। যদি বরাদ্দ পাই তাহলে এ বিষয়টি আমাদের নজরে আছে। মনতলা সহকারী ভূমি কর্মকর্তা জুনায়েদ আহাম্মদ বলেন, “আমাদের প্রতিদিন এই ঝুঁকিপূর্ণ সেতু দিয়েই ভূমি অফিসে যাতায়াত করতে হয়। সাধারণ মানুষও চরম ঝুঁকি নিয়ে চলাচল করছেন।”এ অবস্থায় জননিরাপত্তার কথা বিবেচনা করে সেতুটি দ্রুত পরিদর্শন এবং প্রয়োজনীয় সংস্কার বা পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
সিলেটভিউ২৪ডটকম/শামীম/ইকে-১০





