কক্সবাজারের ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে অন্তত ১০ জন পর্যটক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন ঢাকা জেলা ছাত্রদলের সহ-সভাপতি দেওয়ান ফয়সালের স্ত্রী নাসরিন আক্তার মুক্তা (২৯)।
 

শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে মেরিন ড্রাইভসংলগ্ন পাটুয়ারটেক সমুদ্রসৈকত এলাকায় টুপটুপ রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্টে আগুন লাগে। কাঠের তৈরি তিনতলা রিসোর্টটিতে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এতে পুরো স্থাপনাটি পুড়ে যায়।
 


ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসীম জানান, প্রথমে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়। পরে তল্লাশি চালিয়ে টয়লেট থেকে আরও চারজনের মরদেহ উদ্ধার করা হয়। সেখানে উদ্ধার অভিযান চলছিল।

ঢাকা জেলা ছাত্রদলের সহ-সভাপতি বাদল হোসেন জানান, নাসরিন আক্তার তাঁর দুই বান্ধবীকে নিয়ে ওই রিসোর্টে অবস্থান করছিলেন। সকালে তাঁর দুই বান্ধবী কক্ষ থেকে বাইরে বের হন। এ সময় কক্ষে থাকা নাসরিন আগুনে আটকা পড়েন। পরে তাঁর মৃত্যু হয়।
 

নিহতের স্বামী দেওয়ান ফয়সাল জানান, নাসরিন ও তাঁর বান্ধবীরা ছোটবেলার বন্ধু। তাঁরা একসঙ্গে পড়াশোনা করেছেন। নাসরিন স্থানীয় একটি স্কুলে শিক্ষকতা করতেন।

গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) তাঁরা বেড়াতে কক্সবাজারে যান। রোববার (১৮ অক্টোবর) তাঁদের ফিরে আসার কথা ছিল। এর আগেই মর্মান্তিক এ দুর্ঘটনায় প্রাণ হারান নাসরিন।

স্ত্রীর মরদেহ আনতে দেওয়ান ফয়সাল কক্সবাজারে যাচ্ছেন বলে জানা গেছে।
 

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান মজুমদার জানান, ঘটনার পর উদ্ধার কার্যক্রম চালানো হয়েছে। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। নিহতদের পরিচয় নিশ্চিত করতেও কিছুটা সময় লাগতে পারে।


 

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/মআস-০৫/এসডি-১৯