জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে জায়গা পেয়েছেন এক জামায়াত ইসলামীর নেতার ছেলে। রবিবার (১৮ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বর্তমানে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কিশোরগঞ্জ জেলার সভাপতি আনোয়ার হোসেন মোল্লা নতুন কমিটি প্রকাশ করেন।
 

সেই তালিকায় দেখা গেছে যুগ্ম সাধারণ সম্পাদকের পদ পেয়েছেন আলী আকবর তানভীর। তিনি ইটনা উপজেলার বাদলা ইউনিয়নের জামায়াতের সভাপতি সিরাজ উদ্দিনের ছেলে।


তবে ছেলের ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ততা ও পদ পাওয়ার বিষয়ে কিছুই জানতেন না বলে দাবি করেছেন তার বাবা সিরাজ উদ্দিন।
 

এ বিষয়ে গণমাধ্যমকে এই জামায়াত নেতা বলেন, তার ছেলে বর্তমানে জীবিকার তাগিদে মালয়েশিয়ায় রয়েছেন। গত কয়েক মাস তিনি দেশের বাইরে। ছেলে যে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত, তা তিনি জানতেন না।

সিরাজ উদ্দিন বলেন, ‘জামায়াত আর আওয়ামী লীগের আদর্শ কখনো এক নয়। আগে জানলে আমার ছেলেকে ত্যাজ্যপুত্র করতাম।’

তিনি জানিয়েছেন, ছেলের সঙ্গে রবিবার (১৮ অক্টোবর) তার কথা হয়েছে। ছেলে জানিয়েছে, কমিটি ঘোষণার পর সে পদত্যাগ করেছে। তবে পদত্যাগের কোনো প্রমাণ কাছে নেই বলেও জানান ওই জামায়াত নেতা।
 

সিরাজ উদ্দিন আরও জানান, ছেলেকে পড়াশোনার জন্য দেশের বাইরে কলেজে ভর্তি করিয়েছিলেন। কিন্তু সেখানে গিয়ে সে ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত হবে তা তিনি ভাবেননি।

এ বিষয়ে আলী আকবর তানভীরের সঙ্গে সরাসরি যোগাযোগের জন্য তার ফোন নম্বর চাওয়া হলে সিরাজ উদ্দিন সেটাও দিতে পারেননি। ফলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এদিকে, বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। ইটনা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আজাদুর রহমান সুজন বলেন, ইউনিয়ন জামায়াতের সভাপতির ছেলে জেলা ছাত্রলীগের কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে থাকাটা আশ্চর্যের কিছু নয়। সরকারকে বিপদে ফেলা ও দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে আওয়ামী লীগ ও জামায়াত এক হয়ে কাজ করছে। অতীতেও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিবিরের লোকজন গোপনে ছাত্রলীগের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করেছেন।
 

ইটনা উপজেলা জামায়াতে ইসলামীর আমির আবুল হোসেন বলেন, ফ্যাসিস্টের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। এই দলে যারা রয়েছে, তাদের সবার শাস্তি হোক। তবে ইউনিয়ন জামায়াতের সভাপতির ছেলে ছাত্রলীগ করে, সেটা আমার জানা নেই। যদি এমনটা হয়, তাহলে খুবই খারাপ বিষয়। এ বিষয়ে দলীয়ভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

তবে বিষয়টি নিয়ে ইউনিয়ন জামায়াতের সভাপতি সিরাজ উদ্দিনের সঙ্গে কথা বলবেন।

 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-১৩