ছবি: ফাইল ছবি।

সিলেটের কোম্পানীগঞ্জে দুই পক্ষের ঝগড়া থামাতে গিয়ে মারা গেছেন আশিক মিয়া (৬০) নামের এক ব্যক্তি। তিনি উপজেলার কোম্পানীগঞ্জ গ্রামের বাসিন্দা। বুধবার (২৮ অক্টোবর) বেলা ২টায় এ ঘটনা ঘটে।

 


আশিক মিয়ার ছেলে সায়েম আহমদ জানান, প্রতিবেশী দুদু মিয়ার সাথে আশিক মিয়ার পরিবারের পূর্ব বিরোধ ছিল। বুধবার সকালে আশিক মিয়ার ১০ বছর বয়সী নাতনি মাইশা নদীতে গোসল করতে দুদু মিয়ার ঘাটে যায়। এসময় দুদু মিয়া মাইশাকে গোসলে বাধা দেন ও তাঁর গায়ে হাত তুলেন। খবর পেয়ে মাইশার বাবা সবুজ মিয়া ঘটনাস্থলে গেলে দুইপক্ষের মধ্যে বাগবিতণ্ডা ও দস্তাদস্তি শুরু হয়। ঝগড়া থামাতে আশিক মিয়া ঘটনাস্থলে গেলে দুদু মিয়া ও তার পক্ষের লোকজন তাকে এলোপাতাড়ি কিলঘুষি মারতে থাকে। এসময় আশিক মিয়া লুটিয়ে পড়েন। পরে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুজন চন্দ্র কর্মকার জানান, মারামারি থামাতে গিয়ে আশিক মিয়ার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে। 

 

 

 


সিলেটভিউ২৪ডটকম/জলিল/মআস ০২