শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আগামী ৫ ও ৬ নভেম্বর চতুর্থ আন্তর্জাতিক সবুজ স্থাপত্য সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
 

বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের আয়োজনে দুই দিনব্যাপী এ সম্মেলনে দেশ-বিদেশের গবেষক, শিক্ষাবিদ, স্থপতি, পেশাজীবী ও শিক্ষার্থীরা অংশ নেবেন। সম্মেলনে পঁচাশিটি গবেষণাপত্র ও পঁয়তাল্লিশটি পোস্টার উপস্থাপন করা হবে।
 


বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে শাবিপ্রবি প্রেসক্লাবের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্থাপত্য বিভাগের শিক্ষক ও আয়োজকরা এসব তথ্য জানান।

এবারের সম্মেলনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘পরিবেশ ও টেকসই আবাসের জন্য অনুকূল নকশা’। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্থাপত্য বিভাগের সবুজ স্থাপত্য সেল এবং শাবিপ্রবির স্থাপত্য বিভাগ যৌথভাবে সম্মেলনটি আয়োজন করছে। এর মাধ্যমে টেকসই স্থাপত্য ও আবাসস্থল উন্নয়নে উদ্ভাবনী ধারণার বিকাশ, গবেষণা বিনিময় এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
 

সম্মেলনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন বুয়েটের স্থাপত্য বিভাগের অধ্যাপক ড. মো. আশিকুর রহমান জোয়ারদার। সহ-সভাপতি হিসেবে রয়েছেন শাবিপ্রবির স্থাপত্য বিভাগের প্রধান অধ্যাপক ইফতেখার রহমান।

সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ওয়েস্টমিনস্টারের স্কুল অব আর্কিটেকচার অ্যান্ড সিটিজের বৈশ্বিক সম্পৃক্ততা বিভাগের পরিচালক অধ্যাপক ড. জুলিও ভারদিনি। তাঁর প্রবন্ধের শিরোনাম ‘জলবায়ু নগরবাদ: ভিত্তিপ্রস্তর স্থাপন, নগর ভবিষ্যতের পুনর্কল্পনা’। এ ছাড়া ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের শিক্ষক ও ২০২২ সালের আগা খান স্থাপত্য পুরস্কারের বিজয়ী স্থপতি খন্দকার হাসিবুল কবির ‘সম্প্রদায়ের সাথে যৌথভাবে আবাস সৃষ্টি’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করবেন।
 

সম্মেলনের অংশ হিসেবে ‘টেকসই আবাস উন্নয়নের জন্য বৈশ্বিক সমন্বয়’ শীর্ষক একটি গবেষণা সেমিনার অনুষ্ঠিত হবে। এতে টেকসই নির্মাণপ্রযুক্তি, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও মানচিত্রায়ন, জলবায়ু-সহনশীল বসতি, নগরায়ণ এবং নির্মিত পরিবেশের সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও গবেষণাপত্র উপস্থাপন করা হবে।

মূল প্রবন্ধ উপস্থাপনা ও গবেষণা সেমিনার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। অন্যদিকে, কারিগরি অধিবেশনগুলো একাডেমিক ভবনের চতুর্থ তলায় অবস্থিত স্থাপত্য বিভাগের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হবে।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক ড. জি. এম. রবিউল ইসলাম। এ ছাড়া অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মস্তাবুর রহমান এবং বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালকের উপদেষ্টা মেহের সুলতানা। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরিফুল ইসলাম।
 

সম্মেলনের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ই ভবন প্রাঙ্গণে একটি স্থাপত্য প্রদর্শনীর আয়োজন করা হবে। এতে দেশের বিভিন্ন স্থাপত্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নকশা ও স্থাপত্যকর্ম প্রদর্শিত হবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা ও টেকসই স্থাপত্যবিষয়ক ধারণা তুলে ধরার সুযোগ পাবেন।

আয়োজকরা জানান, সম্মেলনের প্লাটিনাম পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে মিরপুর সিরামিকস ও খাদিম সিরামিকস। স্বর্ণ পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে লাফার্জহোলসিম বাংলাদেশ ও বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড। এ ছাড়া রৌপ্য পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন, আর্চজিন ও ভলিউমেট্রিক ডিজাইনার্স।

 


সিলেটভিউ২৪ডটকম/আতহার/এসডি-১৭