দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় নিহতের স্ত্রীসহ অপর মোটরসাইকেলে থাকা আরোহীরাও মারাত্মক আহত হয়েছেন।
 

শুক্রবার (৩০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে নেত্রকোনা-কেন্দুয়া সড়কের দুর্গাপুর লাহিড়ী বাড়ি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 


নিহতরা হলেন- মাহমুদুল হক শাহীন (৪০) ও তার ছেলে রাজিন (৬)। শাহীন কেন্দুয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক ছিলেন। তাদের বাড়ি কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নের আমতলী গ্রামে।

এ ঘটনায় নিহতের স্ত্রীসহ আহতদের গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
 

পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাহমুদুল হক শাহীন স্ত্রী ও ছেলেকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে মদন উপজেলায় আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। পথে নেত্রকোনা-কেন্দুয়া সড়কের দুর্গাপুর লাহিড়ী বাড়ি মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে সবাই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাবা ও ছেলেকে মৃত ঘোষণা করেন।
 

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত বাবা ও ছেলের মরদেহ বর্তমানে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-১৫