সিলেটের জৈন্তাপুর উপজেলায় এইচএসসি ও সমমান পরীক্ষায় সাধারণ শিক্ষা, কারিগরি ও মাদ্রাসা—তিন ধারাতেই পাসের হারে ভিন্নতা দেখা গেছে। 

 


উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের প্রকাশিত ফলাফল অনুযায়ী, সাধারণ এইচএসসি পরীক্ষায় পাসের হার ৪৬ দশমিক ৮৫ শতাংশ। অন্যদিকে, এইচএসসি (বিএম) পরীক্ষায় ৫২ দশমিক ৮৭ শতাংশ এবং আলিম পরীক্ষায় পাসের হার ৫৬ দশমিক ০৯ শতাংশ।

 

শনিবার (৩১ অক্টোবর) উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, জৈন্তাপুর থেকে প্রকাশিত ফলাফল বিবরণীতে এ তথ্য জানানো হয়।

 

প্রকাশিত ফলাফল বিবরণী অনুযায়ী, সাধারণ এইচএসসি পরীক্ষায় উপজেলার ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ৯০৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৪২৪ জন। উপজেলায় এ পরীক্ষায় পাসের হার ৪৬ দশমিক ৮৫ শতাংশ। বিপরীতে সিলেট শিক্ষা বোর্ডের পাসের হার ৫০ দশমিক ৯০ শতাংশ।

 

এদিকে, প্রতিষ্ঠানভিত্তিক ফলাফলে ইমরান আহমদ সরকারি মহিলা কলেজ থেকে ২৯৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১৫৬ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৫২ দশমিক ৮৮ শতাংশ। জৈন্তিয়া ডিগ্রি কলেজ থেকে ১৭২ জনের মধ্যে ৫৭ জন পাস করেছে। এ প্রতিষ্ঠানে পাসের হার ৩৩ দশমিক ১৪ শতাংশ।

 


জৈন্তাপুর তৈয়ব আলী ডিগ্রি কলেজ থেকে ৬৮ জনের মধ্যে ৩৮ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৫৫ দশমিক ৮৮ শতাংশ। হযরত শাহজালাল (রহ.) ডিগ্রি কলেজ থেকে ৩০৩ জনের মধ্যে ১৪২ জন পাস করেছে। এ প্রতিষ্ঠানে পাসের হার ৪৬ দশমিক ৮৬ শতাংশ।

 

এ ছাড়া রাংপানী ক্যাপ্টেন রশিদ স্কুল অ্যান্ড কলেজ থেকে সাতজন পরীক্ষার্থীর মধ্যে পাঁচজন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৭১ দশমিক ৪৩ শতাংশ। রমজান রূপজান বাগেরখাল একাডেমি (স্কুল অ্যান্ড কলেজ) থেকে ৬০ জনের মধ্যে ২৬ জন পাস করেছে। প্রতিষ্ঠানটির পাসের হার ৪৩ দশমিক ৩৩ শতাংশ।

 

এছাড়া, এইচএসসি (বিএম) পরীক্ষায় জৈন্তাপুর উপজেলার দুটি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ৮৭ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৪৬ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৫২ দশমিক ৮৭ শতাংশ। কারিগরি শিক্ষা বোর্ডে এ বছর পাসের হার ৪৯ দশমিক ৪৩ শতাংশ।

 

প্রতিষ্ঠানভিত্তিক হিসাবে জৈন্তাপুর তৈয়ব আলী কারিগরি কলেজের ৭৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৩ জন এবং জহরা উম্মে হেলালী টেকনিক্যাল কলেজের ১৩ জনের মধ্যে তিনজন উত্তীর্ণ হয়েছে। ফলাফল বিবরণীতে উল্লেখ করা হয়েছে, প্রথম প্রতিষ্ঠানের ২০ জন এবং দ্বিতীয় প্রতিষ্ঠানের তিনজন শিক্ষার্থীর ফলাফল আসেনি।

 

অন্যদিকে, আলিম পরীক্ষায় উপজেলার দুটি মাদ্রাসা থেকে মোট ৪১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২৩ জন। পাসের হার ৫৬ দশমিক ০৯ শতাংশ। মাদ্রাসা শিক্ষা বোর্ডে এ বছর পাসের হার ৬১ দশমিক ০৭ শতাংশ।

 

প্রতিষ্ঠানভিত্তিক ফলাফলে খরিল নেজামুল উলুম ফাজিল মাদ্রাসা থেকে ১৫ জন পরীক্ষার্থীর মধ্যে আটজন এবং জৈন্তা দারুছ-ছুন্নাহ জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা থেকে ২৬ জনের মধ্যে ১৫ জন উত্তীর্ণ হয়েছে।

 


উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) অভিজিৎ কুমার পাল স্বাক্ষরিত ফলাফল বিবরণীটি উপজেলা নির্বাহী অফিসার, জৈন্তাপুরসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

 

সামগ্রিক ফলাফলে দেখা যায়, সাধারণ এইচএসসি, কারিগরি ও মাদ্রাসা—তিন ধারার মধ্যে আলিম পরীক্ষায় পাসের হার সর্বোচ্চ ৫৬ দশমিক ০৯ শতাংশ। এরপর রয়েছে এইচএসসি (বিএম) পরীক্ষায় ৫২ দশমিক ৮৭ শতাংশ এবং সাধারণ এইচএসসিতে ৪৬ দশমিক ৮৫ শতাংশ।

 

 


সিলেটভিউ২৪ডটকম/জাহিদ/আশিক-০৯