ছবি: সিলেট ভিউ।

সিলেটের এয়ারপোর্ট এলাকায় বালুভর্তি ট্রাকে পাচারের সময় প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে পুলিশ। 

 


সোমবার (২ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে এয়ারপোর্ট থানাধীন কেওয়াছড়া ব্রিজসংলগ্ন সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে চেকপোস্ট পরিচালনাকালে এ অভিযান চালানো হয়।

 

এ ঘটনায় ট্রাকচালক মো. আবুল কাশেম (৪৮) নামে একজনকে আটক করা হয়েছে। তিনি নোয়াখালীর চাটখিল উপজেলার ফতেপুর গ্রামের মৃত আবদুল মান্নান মমিনের ছেলে। বর্তমানে তিনি ঢাকার কদমতলী থানার রায়েরবাগ এলাকায় বসবাস করেন।

 

পুলিশ জানায়, সোমবার (২ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে চেকপোস্টে পুলিশের সংকেত অমান্য করে পালানোর চেষ্টাকালে বালুভর্তি একটি টাটা ট্রাক (ঢাকা মেট্রো-ট-২২১২০৯) আটক করা হয়। পরে ট্রাকটি তল্লাশি করে বালুর নিচে লুকানো ভারতীয় চকলেট, বিস্কুট, সোনপাপড়ি ও জুসসহ বিভিন্ন পণ্য উদ্ধার করা হয়। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ৭৬ হাজার ৫৬০ টাকা। এ সময় পণ্যসহ ট্রাকটি আটক করা হয়। 

 

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সহিদুর রহমান জানান, এ ঘটনায় এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে আটক ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

 


সিলেটভিউ২৪ডটকম/মআস-০৬/আশিক-১৬