রাজধানীর গুলশান থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নীলফামারী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ইসরাত জাহান পল্লবীকে (৪৬) চার দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। 

 


বুধবার (৪ নভেম্বর) বিকেলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম তদন্ত কর্মকর্তার সাত দিনের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।

 

রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেন। তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক মো. রুহুল আমিন আসামি ইসরাত জাহান পল্লবীকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করেন। এর আগে গতকাল তাকে বিমানবন্দরে চীন থেকে ফেরার পথে আটক করে পুলিশ।

 

এদিন এই আসামিকে আদালতে তোলা হলে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন।

 

অপরদিকে আসামির পক্ষ থেকে রিমান্ড বাতিলের আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ডের আদেশ মঞ্জুর করেন। মামলার অভিযোগে বলা হয়, গত ১১ সেপ্টেম্বর সকাল আনুমানিক ১১ টা ৪৫  মিনিটে গুলশান-১-এর কেএফসি রেস্টুরেন্টের সামনে পাকা রাস্তার ওপর বাংলাদেশ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠনের নেতাকর্মীসহ অজ্ঞাতনামা ৮০ থেকে ১০০ জন আসামি রাষ্ট্রবিরোধী এবং আইন-শৃঙ্খলা বিনষ্ট করার লক্ষ্যে সমাবেশের আয়োজন করে। উক্ত স্থানে আসামিরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি, জনগণের জীবনযাত্রার বিঘ্ন ঘটানো এবং রাষ্ট্রবিরোধী স্লোগান ও বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে অন্তর্ঘাতমূলক অপরাধ সংঘটন করে।

 

অভিযোগে আরো বলা হয়, পুলিশি অভিযানের মুখে আসামিরা ছত্রভঙ্গ হয়ে পালানোর সময় পুলিশ ঘটনাস্থল থেকে অব্যবহৃত ককটেল এবং ককটেল তৈরির আলামত উদ্ধার করে।এ ঘটনায় গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইন,  ধারা অনুযায়ী মামলা  দায়ের করা হয়।

 

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, মামলার সুষ্ঠু তদন্ত, ঘটনার মূল রহস্য উদ্ঘাটন, মূল পরিকল্পনাকারীদের শনাক্ত ও গ্রেপ্তার এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডে নেওয়া প্রয়োজন।

 

 

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/মআস-০৪