শিক্ষার প্রসার, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে আজিজুন নেসা-সুবহান স্মৃতি শিক্ষা ট্রাস্ট।

ট্রাস্টের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।


শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সুনামগঞ্জের ছাতক উপজেলার ১নং ইসলামপুর ইউনিয়নের জামেয়া-ই-ইসলামিয়া বনগাঁও আলিম মাদ্রাসায় এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

জামেয়া-ই-ইসলামিয়া বনগাঁও আলিম মাদ্রাসার সাবেক সভাপতি ও বিশিষ্ট শিক্ষানুরাগী এম বেলাল আহমেদের প্রতিষ্ঠিত এ ট্রাস্টের উদ্যোগে আয়োজিত পরীক্ষায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সুফি আলম সুহেল।

এ সময় উপস্থিত ছিলেন ট্রাস্টের প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ সিরাজুল হক, উপদেষ্টা মোহাম্মদ ইলিয়াস, সদস্য সচিব উপাধ্যক্ষ মোহাম্মদ ছোলাইমান খান রাব্বানী, ইউপি সদস্য শফিক আহমেদ, মহিলা ইউপি সদস্য রাহেনা বেগম, সমাজসেবক মোহাম্মদ খোকন, মোহাম্মদ আলতাব আলী ও রুস্তম আলী।

এ ছাড়া ট্রাস্টের নির্বাহী সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ ওবায়দুল হক, হাসানুজ্জামান খান, আলী আব্বাছ, মোহাম্মদ তুরাব, হুমায়ূন কবির, ছামির আলী ও মাওলানা মো. আফফানুজ্জামান।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের পাশাপাশি পড়াশোনার প্রতি আগ্রহ সৃষ্টি, প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলা এবং মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষাজীবনে উৎসাহিত করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। এ ধরনের উদ্যোগ শিক্ষার মানোন্নয়ন ও আগামী প্রজন্মের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

স্থানীয় পর্যায়ে শিক্ষার প্রসার ও মেধাবী শিক্ষার্থী গড়ে তোলার লক্ষ্যে আজিজুন নেসা-সুবহান স্মৃতি শিক্ষা ট্রাস্টের এ উদ্যোগকে শিক্ষানুরাগী মহলে প্রশংসনীয় হিসেবে দেখা হচ্ছে।


সিলেটভিউ২৪ডটকম/জলিল/এসডি-০৫