সিলেটের সাধারণ একটি মেয়ে থেকে মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুটজয়ী। এই পথচলায় সামিরা খান মাহিকে লড়তে হয়েছে নানা প্রতিকূলতার সঙ্গে। গায়ের রং ও দাঁতের গঠন নিয়ে সমালোচনা, অভিনয়ে অবহেলা শিকার, দীর্ঘ অসুস্থতা, তিন বছরের বিরতি, ক্যারিয়ার হারানোর শঙ্কা, কোনো কিছুই থামাতে পারেনি তাকে।
 

বারবার নিজেকে নতুন করে গড়ে তোলার সেই লড়াইয়ে শেষ পর্যন্ত জয়ী হয়েছেন মাহি। এবার তার সামনে নতুন চ্যালেঞ্জ, ৭৫তম মিস ইউনিভার্সের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা।


তার মাথায় মুকুট ওঠার পর অবশ্য শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা। কেউ প্রশ্ন তুলছেন তার বিশ্বমঞ্চে প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্যতা নিয়ে, কেউ প্রতিযোগিতার স্বচ্ছতা নিয়ে। এমনকি তার গায়ের রং নিয়েও নেতিবাচক মন্তব্য করছেন অনেকে। কিন্তু এসব আলোচনার আড়ালে থেকে যাচ্ছে একজন নারীর দীর্ঘদিনের সংগ্রাম, নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা আর বারবার ঘুরে দাঁড়ানোর গল্প।
 

নতুন পরিচয়ে পথচলা: সামিরা খান মাহির জন্মনাম ফারজানা ইয়াসমিন কলি। ২০১৪ সালে শোবিজে নিজের পরিচিতি তৈরির সময় নাম পরিবর্তন করে সামিরা খান মাহি রাখেন তিনি। ওই বছর একটি মডেল হান্ট প্রতিযোগিতায় প্রথম রানারআপ হওয়ার মধ্য দিয়ে বিনোদন অঙ্গনে তার পথচলা শুরু হয়।

র‍্যাম্প মডেলিংয়ের পাশাপাশি বিভিন্ন সময়ে রেডিও অনুষ্ঠানেও অতিথি হিসেবে অংশ নিয়েছেন মাহি। রেডিও নেক্সট ৯৩.২ এফএম ও রেডিও আমার ৮৮.৪ এফএমের লাইভ অনুষ্ঠানেও তাকে দেখা গেছে। তবে তিনি পেশাদার রেডিও জকি হিসেবে কাজ করেননি।
 

শুরুর দিকে শোবিজে পরিচিত কেউ কিংবা সঠিক দিকনির্দেশনা দেওয়ার মতো অভিভাবক না থাকায় অনেক সিদ্ধান্ত নিতে হয়েছে নিজের মতো করে। সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট তৈরি করেও পরিচিতি পেয়েছিলেন। কিন্তু পরিচিতির পাশাপাশি জুটেছিল নেতিবাচক মন্তব্য ও ট্রল।

অভিনয়ে এসেও বৈষম্যের মুখোমুখি হতে হয়েছে তাকে। গায়ের রং ও দাঁতের গঠন নিয়ে আপত্তির কারণে শুরুতে নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের সুযোগ পাননি। কখনো মানসিক ভারসাম্যহীন নারী, কখনো গৃহকর্মীর চরিত্রে অভিনয় করতে হয়েছে। তবে এসব অভিজ্ঞতা তাকে থামাতে পারেনি।

অসুস্থতায় থেমেছিল ক্যারিয়ার: মডেলিংয়ে যখন নিজের অবস্থান তৈরি করতে শুরু করেছেন, ঠিক তখনই শারীরিক অসুস্থতা তার ক্যারিয়ারে বড় বাধা হয়ে দাঁড়ায়। প্রায় তিন বছর পেশাদার কাজ থেকে দূরে থাকতে হয় তাকে। দীর্ঘ এই বিরতিতে ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা হারানোর আশঙ্কা এবং ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তাকে কঠিন সময়ের মুখোমুখি করে।
 

তবে কী ধরনের অসুস্থতায় ভুগেছিলেন মাহি, সে বিষয়ে তিনি প্রকাশ্যে কোনো তথ্য দেননি। বিভিন্ন সাক্ষাৎকার কিংবা সংবাদমাধ্যমেও রোগের নাম বা চিকিৎসার বিস্তারিত জানাননি তিনি।

সুস্থ হয়ে ফেরার পর আবারও শুরু করতে হয় নতুন করে। আগের মডেল পরিচয়ের বাইরে গিয়ে অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার চ্যালেঞ্জ নিতে হয়। করোনাকালে অভিনয়কে পেশা হিসেবে বেছে নেওয়ার সিদ্ধান্ত নেন মাহি। ২০২১ সালের শেষ দিক থেকে নিয়মিত নাটকে কাজ শুরু করেন।

নিজেকে প্রমাণের তাগিদে একপর্যায়ে মাত্র ছয় মাসে ৩০টির বেশি নাটকে অভিনয় করেন তিনি। কাজের ধারাবাহিকতা তাকে ধীরে ধীরে পরিচিতি এনে দেয়। ‘গার্লস স্কোয়াড’ সিরিজের মাধ্যমে দর্শকদের কাছে বিশেষভাবে পরিচিত হয়ে ওঠেন মাহি।
 

নতুন করে গড়ার লড়াই: একজন অভিনয়শিল্পীর জন্য প্রতিভার পাশাপাশি চেহারা নিয়েও নানা ধরনের প্রত্যাশা তৈরি করে বিনোদনজগৎ। মাহিকেও এর বাইরে রাখা হয়নি। গায়ের রং ও দাঁতের গঠন নিয়ে নেতিবাচক মন্তব্য শুনতে হয়েছে তাকে। নিজের চেহারা নিয়ে আত্মবিশ্বাস বাড়াতে দাঁতে ব্রেসেস লাগানোসহ বিভিন্ন প্রসাধনভিত্তিক চিকিৎসা নিয়েছেন বলেও জানা যায়।

নিজের চেহারায় পরিবর্তন আনার পাশাপাশি অভিনয় চালিয়ে গেছেন বছরের পর বছর। তবে তার এই পরিবর্তনকে শুধু বাহ্যিক সৌন্দর্যের গল্প হিসেবে দেখলে পুরো সংগ্রামটি আড়ালেই থেকে যাবে। দীর্ঘ অসুস্থতা কাটিয়ে কাজে ফেরা, নিয়মিত অভিনয় করে নিজের জায়গা তৈরি করা এবং প্রতিকূলতার মধ্যেও লক্ষ্যে স্থির থাকার বিষয়গুলোই তার পথচলার বড় অংশ।

অভিনয়ই মাহির আয়ের প্রধান মাধ্যম। তাই বড় পর্দায় কাজ করার আকাঙ্ক্ষার চেয়ে ছোট পর্দায় নিয়মিত কাজ করে অর্থনৈতিক স্থিতিশীলতা ধরে রাখাকে বেশি গুরুত্ব দিয়েছেন তিনি।

এবার লড়াই বিশ্বমঞ্চে: দীর্ঘ পথ পেরিয়ে ২০২৬ সালের নভেম্বরে মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট উঠেছে মাহির মাথায়। গত ৮ নভেম্বর পুয়ের্তো রিকোর উদ্দেশে দেশ ছেড়েছেন তিনি। সেখানে ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতার আন্তর্জাতিক মঞ্চে ১২০টির বেশি দেশের প্রতিযোগীর সঙ্গে অংশ নেবেন বাংলাদেশের এই প্রতিনিধি।
 

বিশ্বসুন্দরীর মুকুট জিততে পারবেন কি না, সেই উত্তর দেবে সময়। আন্তর্জাতিক প্রতিযোগিতায় তার অবস্থান কী হবে, সেটিও এখনই বলা সম্ভব নয়। তবে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়ার পেছনে রয়েছে দীর্ঘদিনের পরিশ্রম, পেশাগত অনিশ্চয়তা কাটিয়ে ওঠা এবং বারবার নতুন করে শুরু করার গল্প।

মাহিকে নিয়ে যারা সমালোচনা করছেন, তাদের অনেকের কাছেই হয়তো তার এই দীর্ঘ পথচলার সবটুকু পরিচিত নয়। একটি মুকুটের পেছনে যে কত বছরের অপেক্ষা, প্রত্যাখ্যান, অসুস্থতা, পরিশ্রম আর নিজেকে প্রমাণ করার চেষ্টা থাকে, তা বাইরে থেকে বোঝা কঠিন।

শেষ পর্যন্ত বিশ্বমঞ্চে মাহি কতটা সফল হবেন, সেটি প্রতিযোগিতার ফলেই জানা যাবে। কিন্তু নিজের জায়গা তৈরি করতে যে লড়াই তিনি করেছেন, সেটিও কম বড় অর্জন নয়। মানুষের মন্তব্য বা সমালোচনা থামানো সম্ভব নয়। তবে নিজের স্বপ্নের পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্তটি নিজেরই। মাহি সেই পথেই হাঁটছেন। এবার বিশ্বমঞ্চে বাংলাদেশের জন্য ভালো কিছু অর্জনের অপেক্ষা।

 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-০৬