ছবি: ফাইল ছবি।

কলেজ জীবনের পরিচয় থেকে বন্ধুত্ব। সেই বন্ধুত্ব থেকেই একসঙ্গে পথচলা। পড়াশোনার পাশাপাশি চারজনের লক্ষ্য ছিল পরিবারের আর্থিক অবস্থার উন্নতি করা। সেই লক্ষ্য পূরণে একই সঙ্গে চাকরির পরীক্ষায় অংশ নেন তাঁরা। সব ধাপ পেরিয়ে বাংলাদেশ আনসার বাহিনীতে নিয়োগের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন চার বন্ধু।
 

তাঁরা হলেন, সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের রায়পুর গ্রামের আর্শাদ মিয়ার ছেলে আকাশ মিয়া ও মিল্লাদ মিয়ার ছেলে জয় মিয়া। অন্য দুজন সেলবরষ ইউনিয়নের সলপ গ্রামের রমজান আলীর ছেলে মিনহাজ আলী এবং বীর উত্তর গ্রামের নূরুল হকের ছেলে হিরু মিয়া।
 


জানা যায়, গত ২৭ অক্টোবর কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আনসার বাহিনীতে নিয়োগের জন্য লিখিত, মৌখিক ও শারীরিক পরীক্ষায় অংশ নেন তাঁরা।


পরীক্ষা শেষে ফলাফল পরবর্তী সময়ে জানানো হবে বলে তাঁদের জানানো হয়। অবশেষে বুধবার (১১ নভেম্বর) রাতে চারজনই চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার বার্তা পান। আগামী ১৪ নভেম্বর গাজীপুরে প্রশিক্ষণে যোগ দেবেন তাঁরা।
 

চারজনই ধর্মপাশা উপজেলার বাদশাগঞ্জ ডিগ্রি কলেজের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। তাঁদের মধ্যে আকাশ মিয়া ও মিনহাজ আলী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। অন্য দুজন এক বিষয়ে অকৃতকার্য হয়েছেন। দুই বন্ধু স্নাতকে ভর্তি না হয়ে এবং অন্য দুজন অকৃতকার্য বিষয়ে পুনরায় পরীক্ষা না দিয়েই আনসার বাহিনীতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
 

একই প্রতিষ্ঠানে পড়াশোনা থেকে শুরু হওয়া বন্ধুত্ব এবার কর্মজীবনেও একসঙ্গে পথচলার সুযোগ তৈরি করেছে। তাঁদের এ সাফল্যে পরিবার ও স্বজনদের মধ্যে আনন্দ বিরাজ করছে।
 

আকাশ মিয়া বলেন, আমরা কৃষিজীবী পরিবারের সন্তান। চার বন্ধু একসঙ্গে পড়াশোনার পাশাপাশি পরিবারের সচ্ছলতার জন্য কিছু করার স্বপ্ন দেখতাম। আনসার পদে যোগদানের জন্য সব পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছি। বুধবার রাতে আমাদের চারজনেরই যোগদানের বার্তা এসেছে। 
 

আগামী ১৪ তারিখ প্রশিক্ষণে যাব। আমরা সবার দোয়া প্রার্থী।’ হিরু মিয়া বলেন, আমি পরিবারের সবার ছোট। পরিবারের সবাই কৃষিকাজের সঙ্গে জড়িত। পড়ালেখার শুরু থেকেই স্বপ্ন ছিল একটি চাকরি করে পরিবারের পাশে দাঁড়াব। 
 

আনসারে যোগদানের সব পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। তিন বন্ধুর সঙ্গে আগামী ১৪ তারিখ গাজীপুরে প্রশিক্ষণে যোগ দেব। পরে সুযোগ থাকলে পড়ালেখা চালিয়ে যাব। চার বন্ধু একসঙ্গে আনসার বাহিনীতে যোগ দিতে পারায় আমরা সবাই খুশি।
 


সিলেটভিউ২৪ডটকম/মআস-০৬