ছবি: সিলেটভিউ
সিলেটবাসীর জন্য ছুটির সকালটা শুরু হল দুঃসংবাদ দিয়ে। সিলেট-তামাবিল সড়কের বাস ও মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে একজন নিহত হয়েছেন। তিনি ছিলেন মোটরসাইকেলের চালক।
শুক্রবার (১৩ নভেম্বর) সিলেট-তামাবিল মহাসড়কের খাদিমপাড়া ৩নং রোডের মুখে হিলভিউ টাওয়ারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল চালকের নাম মাহমুদুল হাসান (৩৩)। তার লাশের পাশ থেকে উদ্ধার করা জাতীয় পরিচয়পত্রে উল্লেখ রয়েছে, তিনি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার ঘোড়াশাল এলাকার মো. ইব্রাহীম হোসেনের ছেলে।
এ দুর্ঘটনায় অপর একজন আহত হয়েছেন। তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী এবং পুলিশ সূত্রে জানা যায়, একজন মহিলা রাস্তা পার হচ্ছিলেন। এসময় তাকে সুযোগ দেওয়ার চেষ্টা করলে সিলেটগামী যাত্রীবাহী একটি বাসের সঙ্গে মাহমুদুল হাসানের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। তিনি রাস্তায় ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী তাৎক্ষনিক গাছ ফেলে সড়কটি অবরোধ করলে উভয় পাশে যানবাহনের সারি দীর্ঘ হতে থাকে। তাদের দাবি, স্পিড ব্রেকার না থাকায় প্রায়ই এখানে দুর্ঘটনা ঘটে। বারবার দাবি জানালেও এখানে কোনো স্পিড ব্রেকার দেওয়া হচ্ছেনা।
পরে শাহপরাণ থানাপুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় এবং প্রায় ৪০ মিনিট পর জনগন অবরোধ তুলে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
সিলেটভিউ২৪ডটকম/নিবেন্দু/বিজয়/ইকে-০২




