ছবি: সিলেট ভিউ গ্রাফিক্স।
সিলেট মহানগরীতে শৃঙ্খলা ফেরানোর উদ্যোগ যেন বারবারই হার মানছে দখলদারিত্ব আর অব্যবস্থাপনার কাছে। উচ্ছেদ অভিযান চলে, রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করার ঘোষণা আসে, বৈধ স্ট্যান্ডের তালিকাও প্রকাশ করা হয়। কিন্তু অভিযান শেষ হলেই ফিরে আসে পুরোনো চিত্র। আবারও ফুটপাত ও সড়কের বড় অংশ দখল করে বসছেন হকাররা। নির্ধারিত স্থান উপেক্ষা করে যেখানে-সেখানে গড়ে উঠছে সিএনজিচালিত অটোরিকশা ও লেগুনার অবৈধ স্ট্যান্ড। প্রধান সড়কে নিষেধাজ্ঞা অমান্য করে চলছে ব্যাটারিচালিত অটোরিকশা। সব মিলিয়ে নগরীর সড়ক ও ফুটপাত এখন যেন যে যার মতো ব্যবহারের জায়গায় পরিণত হয়েছে। ফলে বাড়ছে যানজট, পথচারীদের চলাচলে বিঘ্নতা ঘটছে। যার ফলে প্রতিনিয়ত তৈরি হচ্ছে দুর্ঘটনার ঝুঁকি।
সরেজমিনে দেখা গেছে, নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও ফুটপাত আবারও চলে গেছে হকারদের দখলে। মাছ, মাংস, শাকসবজি, ফলমূল, কাপড়সহ বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসছেন ভাসমান ব্যবসায়ীরা। কোথাও ফুটপাতের পুরোটা, আবার কোথাও সড়কের একাংশ দখল করে চলছে বেচা-কেনা। তালতলা পয়েন্ট থেকে বন্দরবাজার পর্যন্ত সড়কের দুই পাশে রিকশা-ভ্যান, ঠেলাগাড়ি ও বিভিন্ন ধরনের পণ্য নিয়ে বসেছেন হকাররা। বন্দরবাজার থেকে রংমহল টাওয়ার পর্যন্ত সড়কেও একই পরিস্থিতি। মধুবন মার্কেটের সামনের অংশ থেকে জেলরোড, কোর্ট পয়েন্ট থেকে চৌহাট্টা এবং জিন্দাবাজারসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে ফুটপাত দখলের প্রবণতা বেড়েছে। জিন্দাবাজার থেকে আম্বরখানা, আম্বর খানা থেকে সাপ্লাই রোড, আম্বরখানা থেকে সুনামগঞ্জ রোড, আম্বরখানা থেকে বিমানবন্দর রোড। অন্যদিকে, রিকাবীবাজার থেকে মেডিকেল রোড সহ মহানগরীর বিভিন্ন এলাকার অবস্থা এখন একই।
সূ্ত্রে জানা যায়, সিলেটের হকারদের জন্য মহানগরীর লালদিঘীরপাড়ে নির্মাণ করা হয়েছে অস্থায়ী হকার মার্কেট। সেখানে ব্যবসায়ীদের জন্য দোকান বরাদ্দও দেওয়া হয়েছে। তবে সরেজমিনে মার্কেটটির অর্ধেকের বেশি দোকান খালি পড়ে থাকতে দেখা গেছে। অভিযোগ রয়েছে, বরাদ্দ পাওয়া দোকানে ব্যবসা করার পাশাপাশি কেউ কেউ আবার আগের মতোই সড়ক ও ফুটপাতে পসরা সাজিয়ে বসছেন। ফলে বিকল্প ব্যবস্থা করেও ফুটপাত দখল বন্ধ করা যাচ্ছে না।
অন্যদিকে নগরীর যানজটের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে সিএনজিচালিত অটোরিকশা ও লেগুনার অবৈধ পার্কিং এবং যত্রতত্র স্ট্যান্ড গড়ে তোলার প্রবণতা। নির্ধারিত স্ট্যান্ডের বাইরে বিভিন্ন পয়েন্ট, হাসপাতাল ও বিপণিবিতানের সামনে গাড়ি দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করানো হচ্ছে। এতে সড়কের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। পাশাপাশি যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও রয়েছে। অথচ নগরীর যানজট কমানো এবং পরিবহনব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) ও সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) যৌথভাবে মহানগর এলাকায় ৩০টি বৈধ সিএনজিচালিত অটোরিকশা ও লেগুনা স্ট্যান্ডের তালিকা প্রকাশ করেছে। প্রতিটি স্ট্যান্ডে কতটি গাড়ি রাখা যাবে, সেটিও নির্ধারণ করে দেওয়া হয়েছে।
তালিকায় রয়েছে আম্বরখানা পয়েন্ট, টিলাগড় পয়েন্ট, মদিনা মার্কেট, পাঠানটুলা, বন্দরবাজার কোর্ট পয়েন্ট, তেমুখী, টুকের বাজার, ভার্থখলা কীন ব্রিজসংলগ্ন এলাকা, বাবনা পয়েন্ট, কদমতলী মুক্তিযোদ্ধা পয়েন্ট, হুমায়ূন রশীদ চত্বর, সামাদ চত্বর, শেখঘাট জিতু মিয়া পয়েন্ট, রিকাবীবাজার পয়েন্ট, শাহপরান মেইন গেট, মেজরটিলা ইসলামপুর বাজার, বালুচর পয়েন্ট এমসি কলেজ ছাত্রাবাসসংলগ্ন এলাকা, কুশিঘাট, সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রধান ফটক, ধোপাদিঘীরপাড় এমএজি ওসমানী শিশু উদ্যান, কাজিটুলা বাজার, জেলরোড পয়েন্ট, শাহী ঈদগাহ পয়েন্ট, কদমতলী ওভারব্রিজসংলগ্ন এলাকা, ভার্থখলা, চন্ডিপুল, সিরামপুর, মেন্দিবাগ জালালাবাদ গ্যাস অফিসসংলগ্ন এলাকা, সিসিকের ২৮ নম্বর ওয়ার্ডের মকনদোকান বাজার ও শিববাড়ি বাজার।
তবে কাগজে-কলমে বৈধ স্ট্যান্ড নির্ধারণ করা হলেও বাস্তব চিত্র ভিন্ন। নগরীর প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, হাসপাতাল ও শপিংমলের সামনে অনুমোদনহীনভাবে গাড়ি দাঁড় করিয়ে স্ট্যান্ডের মতো পরিস্থিতি তৈরি করা হচ্ছে। এসব স্থানে গাড়ির সংখ্যা প্রায় হাজারের কাছাকাছি বলে সংশ্লিষ্টদের ধারণা। সিসিক প্রশাসন ও ট্রাফিক পুলিশের পক্ষ থেকে মাঝেমধ্যে অভিযান চালানো হলেও এর স্থায়ী প্রভাব দেখা যাচ্ছে না। অভিযান চলাকালে সংশ্লিষ্ট স্থানগুলো সাময়িকভাবে ফাঁকা হলেও অভিযান শেষ হওয়ার আগেই কিংবা কিছু সময়ের মধ্যে আবারও সেখানে গাড়ি জড়ো হচ্ছে।
হকারদের ফুটপাত দখলের পেছনে প্রভাবশালী একটি সিন্ডিকেটের ভূমিকা রয়েছে বলেও অভিযোগ উঠেছে। মহানগরীর বিভিন্ন আবাসিক এলাকার গলিতে ভাসমান (হকারদের) ব্যবসায়ীদের রিকশা-ভ্যান ও পণ্যবাহী গাড়ি রাখার ব্যবস্থা করে দেন স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি। এসব গাড়ি রাখার বিনিময়ে হকারদের কাছ থেকে প্রতিদিন ১৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত নেওয়া হয়। সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযানের খবর আগেভাগেই সংশ্লিষ্টদের কাছে পৌঁছে যায় বলেও অভিযোগ রয়েছে। ফলে অভিযান শুরুর আগে তত্ত্বাবধানে থাকা গাড়িগুলো নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। অভিযান শেষ হলে আবারও সড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা শুরু হয়।
এছাড়া রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনের কিছু ব্যক্তি এবং সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের একাংশের যোগসাজশে ফুটপাত দখল ও অবৈধ ব্যবসা টিকে আছে এমন অভিযোগও রয়েছে। ভাসমান ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায়ের অভিযোগ তুলেছেন স্থানীয় ও সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। আগে যারা এসব অর্থ আদায় করতেন, তাঁদের অনেককে এখন আর দেখা না গেলেও নতুন কিছু মুখকে এই কাজে সক্রিয় দেখা যাচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্যের বিরুদ্ধেও চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ছাত্র-জনতার আন্দোলনের পর আওয়ামী লীগ সরকারের পতন এবং মহানগর প্রশাসনে একধরনের অচলাবস্থার সুযোগে মহানগরীর সড়ক ও ফুটপাত দখলের প্রবণতা বাড়তে থাকে। পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকারের আমলে সিলেটের তৎকালীন জেলা প্রশাসক মো. সারোয়ার আলম, পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী এবং সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকারের উদ্যোগে অভিযান পরিচালিত হলে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়। তবে সেই উদ্যোগের ধারাবাহিকতা বজায় থাকেনি। পরবর্তী সময়ে নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে প্রশাসনিক পর্যায়ে দায়িত্ব পুনর্বিন্যাসের সুযোগে দখলদার চক্র আবারও সক্রিয় হয়ে ওঠে বলে অভিযোগ রয়েছে।
সিলেটের সচেতন নাগরিকরা বলেন, নগরীর বিভিন্ন সড়ক প্রশস্ত করা হলেও যানজটের সমস্যা থেকে মুক্তি মিলছে না। বরং প্রশস্ত সড়কের জায়গা হকার, সিএনজিচালিত অটোরিকশা, লেগুনা ও অন্যান্য যানবাহনের দখলে চলে যাওয়ায় উন্নয়নের সুফল পাচ্ছেন না নগরবাসী। কেবল সড়ক প্রশস্ত করলেই হবে না, সড়ক ও ফুটপাতের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে।
বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা জানান, বিশেষ করে কোর্ট পয়েন্ট এলাকার যানজট দীর্ঘদিনের সমস্যা। সেখানে সিএনজি ও লেগুনার অস্থায়ী স্ট্যান্ড, হকারদের অবস্থান এবং যত্রতত্র গাড়ি থামিয়ে রাখার কারণে সকাল থেকে রাত পর্যন্ত যান চলাচল ব্যাহত হয়। বিকেলের দিকে ফুটপাত দখল করে হকারদের বসার প্রবণতা আরও বেড়ে যায়। যানজট কমাতে কোর্ট পয়েন্টসহ কয়েকটি এলাকায় সড়কে গাড়ি দাঁড় করিয়ে রাখার ওপর বিধিনিষেধ আরোপের উদ্যোগ নেওয়া প্রয়োজন। এবং তা জোরালোভাবে নিতে হবে। কোর্ট পয়েন্ট এলাকায় যানজট নিয়ন্ত্রণে অস্থায়ী স্ট্যান্ডে সর্বোচ্চ ১০টি লেগুনা ও ২৫টি সিএনজিচালিত অটোরিকশা রাখার মৌখিক সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু পরিবহন শ্রমিকদের একটি অংশ সেই নির্দেশনা পুরোপুরি মানছেন না। ফলে নির্ধারিত সীমার বাইরে অতিরিক্ত গাড়ি দাঁড়িয়ে পুরো এলাকাকে অস্থায়ী স্ট্যান্ডে পরিণত করেছেন বলে মন্তব্য তাদের।
এদিকে নগরবাসীর প্রত্যাশা বিচ্ছিন্ন উচ্ছেদ অভিযান কিংবা সাময়িক তৎপরতার মধ্যে সীমাবদ্ধ না থেকে সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে নিয়মিত তদারকি নিশ্চিত করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। একই সঙ্গে বৈধ স্ট্যান্ডের নির্দেশনা কার্যকর, অবৈধ পার্কিং বন্ধ এবং চাঁদাবাজির অভিযোগ তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অন্যথায় সিলেট মহানগরীর যানজট ও জনদুর্ভোগের এই চিত্র থেকে মুক্তি পাওয়া কঠিন হবে।
এ বিষয়ে সুশাসনের জন্য নাগরিক (সুজন) সিলেটের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান বলেন, ‘সিলেট নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, ফুটপাত ও জনসাধারণের চলাচলের জায়গা দখল করে অবৈধভাবে গড়ে ওঠা সিএনজি স্টেশন ও স্ট্যান্ড নগরবাসীর জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। একটি পরিকল্পিত ও বাসযোগ্য নগরীর জন্য এ ধরনের অবৈধ দখল কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। সড়ক ও ফুটপাত মূলত জনসাধারণের নির্বিঘ্ন চলাচলের জন্য। অথচ কিছু ব্যক্তি ও গোষ্ঠী এসব জায়গা নিজেদের স্বার্থে দখল করে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে। এর ফলে যানজট সৃষ্টি হচ্ছে, পথচারীদের চলাচল ব্যাহত হচ্ছে এবং সাধারণ মানুষ প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন। বিশেষ করে শিক্ষার্থী, নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচল আরও কঠিন হয়ে পড়েছে।’
তিনি আরও বলেন, ‘নগরীর সড়ক ও ফুটপাত দখলমুক্ত করা কেবল যানজট নিরসনের বিষয় নয়, এটি নাগরিক অধিকার, আইনের শাসন এবং সুশাসন প্রতিষ্ঠারও একটি গুরুত্বপূর্ণ অংশ। জনসাধারণের সম্পদ কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ব্যক্তিগত স্বার্থে ব্যবহারের সুযোগ থাকতে পারে না। সুজনের পক্ষ থেকে আমরা সংশ্লিষ্ট প্রশাসন, সিলেট সিটি কর্পোরেশন, সিলেট মহানগর পুলিশ এবং বিআরটিএসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছি।’
নগরীর সার্বিক পরিস্থিতি সম্পর্কে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘মহানগরীতে অবৈধ সিএনজিচালিত অটোরিকশার স্ট্যান্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে ৩০টি বৈধ স্ট্যান্ড ছাড়া অন্য কোনো স্ট্যান্ডের অনুমোদন নেই। বিভিন্ন পয়েন্ট, হাসপাতাল ও শপিং মলের সামনে অবৈধভাবে গড়ে ওঠা ভাসমান স্ট্যান্ডের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি জেলা ও মহানগরীর সিএনজিচালিত অটোরিকশাগুলোতে আলাদা আলাদা রঙ কার্যকর করা হবে। এটিই বাধ্যতামূলক করা হবে। এই বিষয়গুলো নিয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের সঙ্গে আলোচনা করে শিগগিরই নগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনার ব্যবস্থাও করা হবে।’
হকারদের প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘মহানগরীর বিভিন্ন সড়ক ও ফুটপাত দখল করে হকারদের ব্যবসা পরিচালনার বিষয়টি সিটি কর্পোরেশনের নজরে রয়েছে। হকারদের স্থায়ীভাবে পুনর্বাসনের লক্ষ্যে লালদিঘীরপারে ব্যবস্থা করা হয়েছে। কিন্তু পুনর্বাসনের উদ্যোগ নেওয়ার পরও অনেক হকার বারবার সড়কে ফিরে আসছেন। তাদের নির্ধারিত পুনর্বাসনস্থলে স্থানান্তরের বিষয়ে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’
ব্যাটারিচালিত অটোরিকশার প্রসঙ্গে প্রশাসক বলেন, ‘মহানগরীর অলি-গলি ছেড়ে এসব যানবাহন এখন প্রধান সড়কেও চলাচল করছে, যা নগরীর যানবাহন চলাচলে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। নগরীর শৃঙ্খলা ফিরিয়ে আনতে বিভিন্ন সড়ক ও ফুটপাতে অভিযান পরিচালনা করা হচ্ছে। ফুটপাত ও সড়ক দখলমুক্ত করা এবং যান চলাচল স্বাভাবিক রাখতে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) সুদীপ্ত রায় সিলেটভিউকে বলেন, ‘মহানগরীর ৩০টি বৈধ স্ট্যান্ড ছাড়া অন্যান্য অবৈধ স্ট্যান্ডের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান রয়েছে। এখন পর্যন্ত নগরীর আটটি অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ করা হয়েছে। তবে উচ্ছেদ অভিযান পরিচালনার পর সিএনজিচালিত অটোরিকশার শ্রমিকরা আন্দোলনে নেমে বিভিন্ন সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি করেন।
তিনি বলেন, শ্রমিকদের স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, ৩০টি বৈধ স্ট্যান্ডের বাইরে মহানগরীতে আর কোনো অবৈধ স্ট্যান্ড থাকতে দেওয়া হবে না। কেউ স্ট্যান্ড পরিচালনা করতে চাইলে তাকে সিলেট সিটি কর্পোরেশনের কাছ থেকে বৈধ অনুমোদন নিতে হবে। নগরীর সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ট্রাফিক পুলিশের নিয়মিত অভিযানও অব্যাহত রয়েছে।’
তিনি আরও বলেন, ‘ব্যাটারিচালিত রিকশার কোনো অনুমোদন নেই। এসব যানবাহনের অধিকাংশ চালক প্রশিক্ষিত নন এবং তাদের ট্রাফিক আইন সম্পর্কেও পর্যাপ্ত ধারণা নেই। হঠাৎ করে যেকোনো স্থানে বাঁক নেওয়ার কারণে প্রায়ই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে। যেহেতু ব্যাটারিচালিত অটোরিকশা আইনগতভাবে বৈধ নয়, তাই মেট্রোপলিটন এলাকায় এসব যান চলাচল করতে পারবে না। যাত্রীদের নিরাপত্তা ও জীবন রক্ষা আমাদের কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ।’
সার্বিক আইনশৃঙ্খলা ও নগর ব্যবস্থাপনা পরিস্থিতি নিয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম কর্মকর্তা ও ডিসি (সিটিএসবি) মো. আফজাল হোসেন সিলেটভিউকে বলেন, ‘মহানগরীর প্রতিটি বিষয় পুলিশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে। বিশেষ করে; মহানগরীতে সিএনজিচালিত অটোরিকশা এবং লেগুনার বৈধ ও অবৈধ স্ট্যান্ডের বিষয়ে দীর্ঘদিন ধরে সিলেট সিটি কর্পোরেশনের সঙ্গে পুলিশের আলোচনা চলছে। পাশাপাশি ফুটপাত থেকে হকারদের উচ্ছেদের বিষয়েও পুলিশ কমিশনার ও সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসকের মধ্যে একাধিক বৈঠক হয়েছে। নগরীর ফুটপাত দখলমুক্ত করা এবং অবৈধ স্ট্যান্ড উচ্ছেদে শিগগিরই জোরালো অভিযান পরিচালনা করা হবে।’
তিনি আরও বলেন, ‘সিলেট নগরীর লালদিঘীরপাড় এলাকায় হকারদের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে। সেখানে প্রত্যেক হকারের ব্যবসা পরিচালনার সুযোগ রয়েছে। কিন্তু নির্ধারিত পুনর্বাসনস্থলে ব্যবসা না করে কেউ যদি আবারও সড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করেন, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-০৮




