ছবি: সিলেট ভিউ।

সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় অবৈধভাবে পাহাড় ও টিলা কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। সোমবার (১৬ নভেম্বর) সিলেট জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

 


অভিযানে নেতৃত্ব দেন সিলেট বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার। এসময় জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ফাইজুল কবির, পরিদর্শক মো. রুকন মিয়াসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং আনসার সদস্যরা সহযোগিতা করেন।

 

জানা যায়, সোমবার (১৬ নভেম্বর) সিলেট মহানগরীর ৩৬ নম্বর ওয়ার্ডের জোনাকি আবাসিক এলাকা, উত্তর বালুচর, চকগ্রাম, পীরের চক, শাহপরাণ, শ্মশান টিলা, ৮ নম্বর ওয়ার্ডের খাদিমপাড়া, মজুদদার টিলা, আখালিয়া এবং হুয়াইটিলা (মঈনউদ্দিন টিলা), বড়গুল ও আখালিয়া এলাকায় অভিযান চালানো হয়। তবে অভিযানকালে ঘটনাস্থলে পাহাড়-টিলা কাটায় অভিযুক্ত কাউকে পাওয়া যায়নি। তবে অভিযুক্ত ব্যক্তিদের নাম-ঠিকানা সংগ্রহ করা হয়েছে। সেগুলো যাচাই-বাছাই করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

সিলেট বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. আবুল কালাম আজাদ জানান, ‘পরিবেশ সংরক্ষণে সিলেট বিভাগের জেলাগুলোতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে বায়ুদূষণ, পাহাড়-টিলা কাটা, অবৈধ ইটভাটা স্থাপন ও পরিচালনা এবং নিষিদ্ধ ঘোষিত পলিথিনের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট ও অভিযান পরিচালনা করা হবে।’

 


সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-০৮