ছবি: সিলেটভিউ।
সিলেটের গোয়াইনঘাটে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের দুই নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, সুনামগঞ্জের ছাতক উপজেলার ১৩ নম্বর ভাতগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাদে ঝিগলী গ্রামের মৃত আ. লতিফের ছেলে আবুল হাসনাত (৫২), সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৭ নম্বর নন্দিরগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সালুটিকর করেরগাঁও গ্রামের মৃত আলখছ মিয়ার ছেলে সুরুজ মিয়া (৩৪) এবং সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বালিজুরি পূর্বহাটি গ্রামের সাইদুল ইসলামের ছেলে আবু তালহা (২২)।
সুত্র জানায়, সম্প্রতি গোয়াইনঘাটের রাতারগুল এলাকার সোহেল স্কয়ার ইকো রিসোর্টে শিক্ষা সফরের ব্যানারে গোপন রাজনৈতিক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রণজিৎ সরকার। তাঁর বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে রণজিৎ সরকারসহ ২০ জনের নাম উল্লেখ করে মামলা করে। মামলায় অজ্ঞাতনামা আরও ১৭৫ জনকে আসামি করা হয়। পরে রিসোর্টটি বন্ধ করে দেওয়া হয়।পুলিশ আরও জানায়, আবুল হাসানাত মামলার এজাহারভুক্ত আসামি। সুরুজ মিয়া ও আবু তালহাকে তদন্তে পাওয়া গেছে।
গোয়াইনঘাট থানার ওসি মো. ওমর ফারুক জানান, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/মআস-০১




