ছবি: সিলেটভিউ।

পথচারীদের স্বাভাবিক ও বাধাহীন চলাচল নিশ্চিত করা এবং পৌর শহরের যানজট নিরসনে সুনামগঞ্জের দিরাই বাজারে অবৈধ দখল উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে পৌরসভা। মঙ্গলবার  (১৭ নভেম্বর) দুপুরে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সনজীব সরকারের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

 


অভিযানকালে দিরাই বাজারের বিভিন্ন সড়ক ও ফুটপাত দখল করে বসানো দোকানপাট, ত্রিপাল, বাঁশের কাঠামো, বিলবোর্ডসহ বিভিন্ন অবৈধ স্থাপনা ও প্রতিবন্ধকতা অপসারণ করা হয়। এ সময় ফুটপাত ও সরকারি জায়গা অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণের দায়ে বাউসী স্টোর নামের একটি দোকানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

 

অভিযানে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম, আনসার সদস্য এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

 

অভিযান সম্পর্কে পৌর প্রশাসক ও ইউএনও সনজীব সরকার বলেন, দিরাই বাজারের যানজট নিরসন, ফুটপাত দখলমুক্ত রাখা এবং সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। জনস্বার্থে সরকারি জায়গা ও ফুটপাতের অবৈধ দখল এবং স্থাপনার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

উল্লেখ্য, এর আগেও দিরাই পৌর শহরের থানা রোড, মধ্যবাজার, কলেজ রোড ও লঞ্চঘাট সড়কসহ বিভিন্ন এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে একাধিকবার উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও পৌরসভা। তবে অভিযান শেষে কিছুদিনের মধ্যেই আবারও বিভিন্ন স্থানে ফুটপাত ও সরকারি জায়গা দখলের প্রবণতা দেখা যায়।

 

এ অবস্থায় শুধু উচ্ছেদ অভিযান পরিচালনা নয়, দখলমুক্ত ফুটপাত ও সড়কগুলো পুনরায় দখল হওয়া ঠেকাতে নিয়মিত নজরদারি এবং কার্যকর তদারকির দাবি জানিয়েছেন পথচারীরা। তাঁদের প্রত্যাশা, নিয়মিত তদারকির মাধ্যমে দিরাই বাজারকে যানজটমুক্ত ও পথচারীবান্ধব হিসেবে গড়ে তোলা হবে।

 

 

সিলেটভিউ২৪ডটকম/হিল্লোল/মআস-০৬